গুজবের সময়ে সত্যের সাহসী উচ্চারণ, ছয় বছরে ঢাকা পোস্ট

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্ট ডটকম আজ পা রাখল ষষ্ঠ বর্ষে। সময়ের এই গুরুত্বপূর্ণ মাইলফলক কেবল একটি গণমাধ্যমের বয়স বৃদ্ধির ক্ষণ নয়; বরং দায়িত্ব, বিশ্বাসযোগ্যতা ও পাঠকের সঙ্গে গড়ে ওঠা দৃঢ় সম্পর্কের অনন্য স্বীকৃতিও। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল সংবাদ পরিবেশে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ধরে রাখাই ঢাকা পোস্টের মূল লক্ষ্য এবং এই লক্ষ্যকে কেন্দ্র করেই এগিয়েছে আমাদের পথচলা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা পোস্টের লক্ষ্য একটি আধুনিক, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে গড়ে ওঠা। গুজব, অপতথ্য ও অতিরঞ্জনের ভিড়ে পাঠকের হাতে নির্ভরযোগ্য সংবাদ তুলে দেওয়াই আমাদের প্রধান অঙ্গীকার।
গত পাঁচ বছরে দেশ-বিদেশের নানা রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও মানবিক সংকটে ঢাকা পোস্ট চেষ্টা করেছে তথ্য যাচাই, প্রেক্ষাপট ব্যাখ্যা এবং বহুমাত্রিক বিশ্লেষণের মাধ্যমে পাঠকের কাছে কেবল খবর জানাতে নয়, বরং খবরের অর্থও তুলে ধরতে।
বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজের ওপর সরাসরি প্রভাব ফেলে। সেই বাস্তবতা বিবেচনায় ঢাকা পোস্টের ইন্টারন্যাশনাল ডেস্ক প্রতিদিন বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ সংবাদ, ব্রেকিং নিউজ ও বিশ্লেষণী প্রতিবেদন বাছাই ও প্রকাশ করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য ইংরেজি থেকে বাংলায় অনুবাদের সময় শব্দান্তরের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় অর্থান্তরে; যাতে খবরের মর্মার্থ, প্রেক্ষাপট ও তাৎপর্য অক্ষুণ্ন থাকে। আমাদের উদ্দেশ্য একটাই: বাংলাদেশের পাঠক যেন আন্তর্জাতিক ঘটনাকে নিজের বাস্তবতার আলোকে বুঝতে পারেন।
ঢাকা পোস্ট বিশ্বাস করে, সংবাদ কেবল তথ্যের সমষ্টি নয়; সংবাদ জনস্বার্থের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই প্রতিটি প্রতিবেদনে বস্তুনিষ্ঠতা যাচাই, ভারসাম্য রক্ষা এবং নৈতিক সাংবাদিকতার মানদণ্ড অনুসরণ করা হয়। রাজনৈতিক মতভেদ, আন্তর্জাতিক দ্বন্দ্ব কিংবা সংবেদনশীল ইস্যু; সব ক্ষেত্রেই ঢাকা পোস্টের দৃষ্টিভঙ্গি স্পষ্ট : পক্ষ নয়, সত্যের পাশে থাকা। পাঠক যেন নিজস্ব মত গঠন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রেক্ষাপট তুলে ধরা হয় স্বচ্ছভাবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকের অংশগ্রহণও ঢাকা পোস্ট গুরুত্বের সঙ্গে দেখে। পাঠকের মতামত, প্রশ্ন ও সমালোচনা আমাদের কাজকে আরও পরিশীলিত করতে সহায়তা করে। প্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া কনটেন্ট এবং দ্রুত আপডেটের মাধ্যমে সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি আমরা চেষ্টা করেছি মান বজায় রাখতে। কারণ গতি গুরুত্বপূর্ণ হলেও সত্য তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে ঢাকা পোস্ট নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ; ভবিষ্যতেও নির্ভীক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে। দেশ ও বিশ্বের ঘটনাপ্রবাহে পাঠকের বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকতে চায় ঢাকা পোস্ট।
এই পথচলায় পাঠকের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, আর সেই আস্থার মর্যাদা রক্ষা করাই আমাদের আগামীর অঙ্গীকার।
সাইফুজ্জামান সুমন, যুগ্ম বার্তা সম্পাদক, ঢাকা পোস্ট