মধ্যপ্রাচ্যের অস্থিরতা : বাংলাদেশের এভিয়েশন খাতে নতুন চ্যালেঞ্জ

বিশ্ব রাজনীতির উত্তাল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধ, নিরাপত্তা ঝুঁকি, আকাশসীমার সীমাবদ্ধতা এবং জ্বালানি বাজারের অস্থিরতা আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করছে।
বাংলাদেশের জন্য এই সংকট আরও তাৎপর্যপূর্ণ, কারণ দেশের এভিয়েশন খাতের বড় অংশই মধ্যপ্রাচ্যনির্ভর। ফলে এই অঞ্চলের যেকোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে দেশের বিমান পরিবহন, বাণিজ্য ও অর্থনীতিতে।
বাংলাদেশেরম লাখ লাখ প্রবাসী কর্মীর প্রধান কর্মক্ষেত্র মধ্যপ্রাচ্য। তাদের যাতায়াত, কর্মসংস্থান এবং রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
একই সঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রগামী অধিকাংশ যাত্রী মধ্যপ্রাচ্যের ট্রানজিট হাব—দুবাই, দোহা বা আবুধাবির ওপর নির্ভরশীল। তাই মধ্যপ্রাচ্যে সংকট দেখা দিলে ফ্লাইট রুট পরিবর্তন, যাত্রা বিলম্ব এবং টিকিটের মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে ওঠে। এর ফলে সাধারণ যাত্রী যেমন ভোগান্তিতে পড়েন, তেমনি এয়ারলাইন্সগুলোর পরিচালন খরচও বেড়ে যায়।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংকটাপন্ন দেশগুলোর আকাশসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে, যার ফলে যাত্রার সময় দীর্ঘ হচ্ছে এবং জ্বালানি খরচ বাড়ছে। যুদ্ধ পরিস্থিতির জন্য বিশ্ববাজারে তেলের দাম বাড়ার সমূহ সম্ভাবনা আছে।
যার প্রভাব সরাসরি পড়বে বিমান পরিবহনে, কারণ জ্বালানি খরচ বিমান সংস্থার মোট ব্যয়ের বড় অংশ। এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত যাত্রীদের ওপরই বর্তাবে, ফলে আকাশপথে ভ্রমণ হয়ে উঠবে আরও ব্যয়বহুল। একই সঙ্গে এয়ার কার্গো পরিবহনেও সৃষ্টি হচ্ছে চাপ।
বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনীতি, বিশেষ করে তৈরি পোশাক খাত, দ্রুত পণ্য পরিবহনের জন্য উড়োজাহাজ কার্গোর ওপর নির্ভরশীল। তবে বর্তমানের এই সংকট শুধু ঝুঁকি নয়, এটি একটি বড় সতর্কবার্তাও বটে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের এভিয়েশন খাত মধ্যপ্রাচ্যের ট্রানজিট ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীল। এই নির্ভরতা এখন ঝুঁকিতে পরিণত হয়েছে। সংকটের এই সময়টি আমাদের জন্য নতুন করে চিন্তার সুযোগ এনে দিয়েছে—কীভাবে বহুমুখীকরণ ও স্বনির্ভরতার পথে এগোনো যায়।
ইসরায়েল-ফিলিস্তিন, ইসরায়েল-সিরিয়া, ইসরায়েল-লেবানন, ইরান-ইসয়েইল, রাশিয়া-ইউক্রেন, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপনকে কেন্দ্র করে ইরানের ছোড়া মিসাইল ক্ষেপণাস্ত্রে আক্রান্ত হয়েছে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরাকসহ বিভিন্ন দেশ। যার ফল ভোগ করতে হবে সারা বিশ্বকে।
বর্তমান যুদ্ধাবস্থা যদি দীর্ঘমেয়াদি হয় তবে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো দেশগুলোকে চরম অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ভুগতে হবে। এর সমাধান হলো—
প্রথমত, বিকল্প রুট ও নতুন গন্তব্য খোঁজা এখন সময়ের দাবি। ইউরোপ, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বাড়াতে পারলে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমানো সম্ভব।
দ্বিতীয়ত, দেশীয় এয়ারলাইন্সগুলো শক্তিশালী করা জরুরি। ফ্লিট সম্প্রসারণ, আন্তর্জাতিক রুটে প্রবেশ এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে নীতিগত সহায়তা প্রয়োজন।
তৃতীয়ত, বাংলাদেশের বিমানবন্দরগুলো আঞ্চলিক হাবে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আধুনিক অবকাঠামো, দ্রুত ট্রানজিট সুবিধা এবং উন্নত সেবার মাধ্যমে ঢাকা একটি কার্যকর ট্রানজিট পয়েন্টে পরিণত হতে পারে।
একই সঙ্গে এয়ার কার্গো ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য। দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স, কোল্ড চেইন সুবিধা এবং বিশেষায়িত কার্গো টার্মিনাল গড়ে তুলতে পারলে রপ্তানি খাত আরও গতিশীল হবে। পাশাপাশি সংকট মোকাবিলায় একটি সুসংগঠিত নীতিমালা ও প্রস্তুতি থাকা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া যায়।
মধ্যপ্রাচ্যের সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—অতিরিক্ত নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশের এভিয়েশন খাতকে নতুনভাবে সাজাতে হবে।
দূরদর্শী পরিকল্পনা, বিনিয়োগবান্ধব নীতি এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতকে দেশের অর্থনীতির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করা সম্ভব।
সংকটের সময়ই নতুন পথের সন্ধান দেয়। সঠিক সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে এই চ্যালেঞ্জই হয়ে উঠতে পারে বাংলাদেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ অগ্রযাত্রার শক্তিশালী ভিত্তি।
মো. কামরুল ইসলাম : ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট