ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু : মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়

২৮ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যপ্রাচ্যের ইতিহাসে আরেকটি কালো অধ্যায় যুক্ত হলো। এইদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার নিজ কার্যালয়ে অবস্থানরত অবস্থায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় নিহত হন। বিশ্ব রাজনীতির জন্য এটি এক বিস্ময়কর এবং একই সঙ্গে গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ তিনি শুধু একজন রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি ছিলেন বিপ্লব-পরবর্তী ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের প্রতীক, একটি দীর্ঘ সংগ্রামী ইতিহাসের ধারক এবং বহির্বিশ্বের চাপের বিরুদ্ধে প্রতিরোধের মুখ।
খামেনির মৃত্যু নিয়ে নানা বিশ্লেষণ চলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই ঘটনাকে দেখছে কৌশলগত অর্জন হিসেবে; কেউ এটিকে আন্তর্জাতিক আইন ভঙ্গের উদাহরণ বলছেন, আবার অনেকে মনে করছেন এটি এক বীরত্বপূর্ণ অধ্যায়ের ইতি। তবে ইরানের ভেতরে এবং বিশ্বের বহু প্রান্তে তার সমর্থকদের কাছে এই ঘটনা একটি স্পষ্ট বার্তা বহন করেছে। তিনি পালিয়ে যাননি। আত্মগোপনে যাওয়ার সুযোগ ছিল কি না, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু যে তথ্যটি বারবার উচ্চারিত হচ্ছে তা হলো তিনি নিজ কার্যালয়ে ছিলেন। সংকটের সময় তিনি রাজধানী ছাড়েননি, সীমান্তের বাইরে নিরাপদ আশ্রয় নেননি। এই অবস্থানই তাকে তার অনুসারীদের চোখে এক প্রতীকী উচ্চতায় নিয়ে গেছে।
ইরানের সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ নেতার পদ শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়। এটি ধর্মীয় কর্তৃত্ব, সামরিক প্রভাব এবং সাংস্কৃতিক নেতৃত্বের এক সম্মিলিত রূপ। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর যে রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে, সেখানে সর্বোচ্চ নেতা রাষ্ট্রের চূড়ান্ত দিকনির্দেশনার উৎস। সেই ধারাবাহিকতায় আয়াতুল্লাহ আলি খামেনি কয়েক দশক ধরে দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সময়ে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে, কিন্তু একই সঙ্গে আঞ্চলিক শক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছে।
এই হামলার প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গেলে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার ইতিহাস সামনে আসে। বিগত সময় ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ বিরল হলেও ছায়াযুদ্ধ, সাইবার হামলা, গোয়েন্দা তৎপরতা এবং আঞ্চলিক প্রক্সি সংঘাত বহু বছর ধরে চলমান ছিল। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং মানবাধিকার ইস্যু নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। ফলে ত্রিপাক্ষিক উত্তেজনা নতুন কিছু নয়। তবে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে যৌথ হামলা আন্তর্জাতিক রাজনীতিতে এক অভূতপূর্ব অনৈতিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
খামেনির সমর্থকদের কাছে তার মৃত্যু একটি রাজনৈতিক বার্তা বহন করছে। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। নিরাপত্তা হুমকি সত্ত্বেও তিনি নিজের অবস্থান অটুট রাখায়, তাদের কাছে তিনি আত্মসম্মান ও সাহসিকতার এক উজ্জ্বল প্রতীক। এই মনোভাব ইরানের জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত। দেশটি বহু সাম্রাজ্যের উত্থান পতন দেখেছে। পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে ইসলামি সভ্যতার বিকাশ, উপনিবেশবাদী চাপ থেকে আধুনিক ভূরাজনীতি—সবকিছুর ভেতর দিয়েই একটি শক্তিশালী সাংস্কৃতিক আত্মপরিচয় গড়ে উঠেছে। সেই পরিচয়কে অনেকেই ছয় হাজার বছরের ঐতিহ্য বলে অভিহিত করেন।
এই ঐতিহ্যের প্রশ্নটি এখন রাজনৈতিক বক্তব্যের কেন্দ্রে চলে এসেছে। বিশ্লেষকরা বলছেন, কোনো সামরিক শক্তি দিয়ে একটি জাতির ইতিহাস ও সংস্কৃতি বিলীন করা যায় না। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের প্রায় দুই শতকের রাষ্ট্রিক ইতিহাস নিঃসন্দেহে শক্তিশালী ও প্রভাবশালী, কিন্তু ইরানের সভ্যতা তার বহু আগের। এই তুলনাটি নিছক সময়ের হিসাব নয়; এটি সাংস্কৃতিক স্থায়িত্ব বনাম সামরিক আধিপত্যের এক প্রতীকী ভাষ্য। খামেনির মৃত্যু সেই আলোচনাকে আরও তীব্র করেছে।
তবে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া একরৈখিক নয়। ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াতে পারে। জাতিসংঘের কূটনীতিকরা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিশ্ববাজারেও এর প্রভাব পড়েছে; তেলের দাম হঠাৎ বেড়ে গেছে, বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় পড়েছেন। মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান এবং জ্বালানি সম্পদের কারণে সে অঞ্চলে যেকোনো বড় সংঘর্ষের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়ে, এটি তারই আরেকটি উদাহরণ।
ইরানের অভ্যন্তরে পরিস্থিতি আবেগঘন। রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, কালো পতাকা ও জাতীয় পতাকা হাতে শোক প্রকাশ করেছে। মসজিদগুলোয় প্রার্থনা হচ্ছে। অনেক তরুণ খামেনির বক্তব্য ও ভাষণ উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করছেন। তাদের কাছে তিনি ছিলেন বহিরাগত চাপের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রতীক। একই সঙ্গে সমালোচকরাও নীরব নন। তারা প্রশ্ন তুলছেন, দীর্ঘদিনের কঠোর নীতিই কি দেশটিকে এমন সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে নাকি। কিন্তু শোকের মুহূর্তে সেই বিতর্ক আপাতত পেছনে চলে গেছে।
বিশ্লেষকরা বলছেন, খামেনির অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার কাঠামোতে নতুন ভারসাম্য তৈরি হবে। সংবিধান অনুযায়ী উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া রয়েছে, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড, ধর্মীয় পরিষদ এবং নির্বাচিত সরকারের মধ্যে সম্পর্ক নতুনভাবে নির্ধারিত হতে পারে। এই রূপান্তর কেমন হবে, তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, তার মৃত্যুর ঘটনাটি ইরানের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই হামলা শুধু একটি ব্যক্তিকে লক্ষ্য করেনি; এটি একটি রাষ্ট্রের নীতিগত অবস্থানকে চ্যালেঞ্জ করেছে। যদি কোনো দেশ মনে করে যে নেতৃত্বকে সরিয়ে দিলে নীতিও বদলে যাবে, তবে তা সবসময় সত্য হয় না। ইতিহাসে দেখা গেছে, অনেক সময় নেতার মৃত্যু সংগ্রামকে আরও জোরালো করে তোলে। ইরানের ক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জাতীয়তাবাদী আবেগ এবং বহিরাগত হুমকির অনুভূতি প্রায়ই জনগণকে একত্রিত করে।
খামেনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার বলেছেন যে ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না। সমর্থকদের মতে, তার মৃত্যু সেই বক্তব্যকে আরও প্রতীকী শক্তি দিয়েছে। তারা বলছে, একজন নেতা প্রাণ হারাতে পারেন, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। নিশ্চিতভাবেই এই বক্তব্য এখন ইরানের রাষ্ট্রীয় প্রচারণা ও গণমাধ্যমে জোরেশোরে প্রচারিত হচ্ছে।
তবে বাস্তবতার প্রশ্নও রয়েছে। সামরিক উত্তেজনা বাড়লে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হতে পারে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক সীমাবদ্ধতা এবং আঞ্চলিক সংঘাতের প্রভাব ইতিমধ্যেই ইরানের অর্থনীতিকে চাপে রেখেছে। নতুন করে সংঘর্ষ ছড়ালে সেই চাপ বাড়বে। ফলে নেতৃত্বের সামনে একদিকে আবেগ, অন্যদিকে বাস্তব কৌশলের ভারসাম্য রক্ষা করার চ্যালেঞ্জ থাকবে।
বিশ্ব ইতিহাসে বহুবার দেখা গেছে যেকোনো জাতির আত্মপরিচয়কে সামরিক শক্তি দিয়ে মুছে ফেলা যায় না। সংস্কৃতি, ভাষা, সাহিত্য এবং ধর্মীয় বিশ্বাস দীর্ঘ সময় ধরে টিকে থাকে। ইরানের ক্ষেত্রেও পারস্য কবিতা, স্থাপত্য, দর্শন এবং শিল্পের ঐতিহ্য হাজার বছরের। এই ঐতিহ্যই আজ রাজনৈতিক বক্তব্যে নতুন অর্থ পাচ্ছে। খামেনির মৃত্যু সেই আলোচনাকে আবেগঘন ও তীব্র করেছে, কিন্তু একই সঙ্গে ভবিষ্যতের পথ নিয়ে প্রশ্নও তুলেছে।
যুক্তরাষ্ট্রের দুই শতকের ও ইসরায়েলের আট দশকের ইতিহাস গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের জন্য সুপরিচিত। অন্যদিকে ইরানের হাজার বছরের ইতিহাস সভ্যতার ধারাবাহিকতা, সাংস্কৃতিক গভীরতা এবং আঞ্চলিক প্রভাবের সাক্ষী। এই ইতিহাসগুলোর সংঘাত আসলে আদর্শ, নিরাপত্তা ও প্রভাবের প্রতিযোগিতা। খামেনির মৃত্যু সেই প্রতিযোগিতাকে আরও দৃশ্যমান করেছে।
একজন নেতা নিহত হলে তার রাজনৈতিক উত্তরাধিকার নতুনভাবে মূল্যায়িত হয়। খামেনির ক্ষেত্রেও তাই হচ্ছে। তার সমর্থকেরা তাকে শহীদের মর্যাদায় দেখছেন, সমালোচকেরা তার নীতির পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছেন। কিন্তু যেভাবেই দেখা হোক, তিনি যে ইরানের সাম্প্রতিক ইতিহাসের কেন্দ্রীয় চরিত্র ছিলেন, তা অস্বীকার করা যায় না। তার মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়; এটি এক অনন্য আদর্শিক অধ্যায়ের অবসান।
শেষ পর্যন্ত প্রশ্নটি থেকে যায়, এই ঘটনা কি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা ডেকে আনবে, নাকি নতুন কোনো কূটনৈতিক বাস্তবতার জন্ম দেবে। ইতিহাস বলছে, সংকটের মুহূর্তে জাতিগুলো কখনো সংঘর্ষের পথ বেছে নেয়, কখনো সমঝোতার। ইরানের ছয় হাজার বছরের ঐতিহ্যের আলোচনায় যে আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, যদি তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক স্থিতিশীলতা এবং কৌশলগত ধৈর্যের পথে ব্যবহার করা হয়, তবে হয়তো অঞ্চলটি একটি নতুন ভারসাম্যের দিকে এগোতে পারে। আর যদি প্রতিশোধ ও প্রতিদ্বন্দ্বিতার চক্রে আবদ্ধ হয়, তবে এই হত্যাকাণ্ড দীর্ঘ ছায়া ফেলবে বহু প্রজন্মের ওপর।
আয়াতুল্লাহ আলি খামেনির জীবন ও মৃত্যু তাই এখন শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়; এটি বৈশ্বিক রাজনীতির আলোচ্য। তার কার্যালয়ে অবস্থানরত অবস্থায় নিহত হওয়ার ঘটনাটি সমর্থকদের কাছে প্রমাণ যে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্বে অবিচল ছিলেন। বিরোধীদের কাছে এটি কঠোর ভূরাজনীতির নির্মম বাস্তবতা। কিন্তু যে কথাটি আজ ইরানের রাস্তায় রাস্তায় উচ্চারিত হচ্ছে তা হলো, ইতিহাসের গভীর শিকড়কে সহজে উপড়ে ফেলা যায় না। সেই বিশ্বাসই হয়তো এই অস্থির সময়ে দেশটির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।
ড. খালিদুর রহমান : অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়