অধ্যাপক সাখাওয়াত আলী খান শুধু শিক্ষক নন, অনেকের শিক্ষাগুরু

আমাদের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক, সাখাওয়াত আলী খান ৯ মার্চ ২০২৬ প্রয়াত হয়েছেন। স্যারের মৃত্যুতে গণমাধ্যমে ও অন্যান্য খাতে ছড়িয়ে থাকা অগণিত শিক্ষার্থীর হৃদয় ভারাক্রান্ত। আমরা যারা স্যারের সরাসরি ছাত্র, স্যারের বিদায়ে আমরা আবেগাপ্লুত হয়েছি।
খবরটা যখনই পেলাম, আমার সামনে একজন শিক্ষকের, একজন অভিভাবকের প্রতিকৃতি ভেসে উঠল। ফ্রেঞ্চকাট দাড়ি, ব্যাকব্রাশ করা চুল, মোটা ফ্রেমের চশমা, স্মিত হাসি, পরিষ্কার কণ্ঠ, সৌম্য, সুদর্শন একজন মানুষ। বুদ্ধিদীপ্ত চোখ, নরম করে কথা বলার স্টাইল—যুক্তি আবার কখনো হিউমার মিশ্রিত বাক্য চয়ন।
শ্রেণীকক্ষে তিনি গল্প বলে ক্লাস নিতেন। যা বলতেন তা ছবির মতো পরিষ্কার। সংবাদ সংগ্রহ, সম্পাদনা, ফিচার লেখা—এসব বিষয় পড়ানোর সময় ক্লাস প্রাণবন্ত হয়ে উঠত। ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অধ্যাপনা থেকে অবসর নেন। তারপরও যুক্ত ছিলেন বিভাগে। অনারারি অধ্যাপক হিসেবে। যুক্ত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও।
স্যারকে প্রথম জানা শুরু করি বিভাগে ভর্তি হওয়ার পরপরই। বোধ হয় তখনো স্যারের কোনো ক্লাস পাইনি। এর মধ্যে আমি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) নামের একটি গণমাধ্যম সম্পর্কিত প্রতিষ্ঠানে টুকটাক লেখালেখির কাজ শুরু করি। সেখানে একটা পাবলিকেশন বের হবে, তাই কিছু সাক্ষাৎকার লাগবে।
এমএমসির প্রধান নির্বাহী কামরুল হাসান মঞ্জু ভাই আমাকে বললেন সবগুলো সাক্ষাৎকার নেওয়ার জন্য। তিনি আমাকে সাখাওয়াত স্যারের কাছে যেতে বললেন। এদিকে আমি ভয়ে অস্থির। একেবারেই নবীন আমি। কেবল আমি সাংবাদিকতার ফাইভ ডবলিউজ ও ওয়ান এইচ (5W, 1H) এর সাথে পরিচিত হচ্ছি।
...ভয় কেটে গেল। তারপর সাক্ষাৎকার নিয়ে ফিরলাম। পরবর্তী জীবনে সাংবাদিকতার ক্ষেত্রে এই ফর্মুলা আমার কাজে লেগেছে। কোনো সাক্ষাৎকার নিতে গেলে কী করে সাক্ষাৎকার প্রদানকারীদের সহজ করে নিতে হয়, আস্থার জায়গায় নিতে হয়, সেই শিক্ষা আমি সেদিন পেয়েছিলাম ক্লাসরুমের বাইরে।
একজন প্রথিতযশা অধ্যাপককে ইন্টারভিউ করার সাহস আমার হওয়ার কথা নয়। তাও আবার গণমাধ্যমের পলিসি লেভেল নিয়ে। মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্র নিয়ে। দৌড়ে গেলাম পাবলিক লাইব্রেরিতে। প্রশ্ন তৈরি করতে হবে। শেষে একগুচ্ছ প্রশ্ন তৈরি করে গেলাম স্যারের বাসায়। ভয়ে ভয়ে গেলাম।
স্যার একটা সাদা পায়জামা ও ফতুয়া পরে আমার জন্য অপেক্ষা করছিলেন। কী আশ্চর্য! যেখানে আমি ভয়ে অস্থির—কী থেকে কী বলে ফেলি! তিনি মুহূর্তেই আমাকে সহজ করে দিলেন। বললেন, তোমার হাতে সময় আছে? তাহলে চা খেতে খেতে গল্প করা যাক। আমি বললাম, সময় আছে।

স্যার খুশি হলেন, বললেন, শেষে সাক্ষাৎকার দেওয়া যাবে। আমার বাবা, মার খবর নিলেন। কোথায় থাকি, বাড়ি কোথায়, কেন সাংবাদিকতা পড়তে আসলাম ইত্যাদি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠিত হলো, সেসব নিয়ে গল্প করলেন। নিজের অজান্তেই কখন যেন সহজ হয়ে গেলাম। মনে হলো, একজন অতি আপনজনের সাথে বহুদিন পর দেখা হয়েছে।
ভয় কেটে গেল। তারপর সাক্ষাৎকার নিয়ে ফিরলাম। পরবর্তী জীবনে সাংবাদিকতার ক্ষেত্রে এই ফর্মুলা আমার কাজে লেগেছে। কোনো সাক্ষাৎকার নিতে গেলে কী করে সাক্ষাৎকার প্রদানকারীদের সহজ করে নিতে হয়, আস্থার জায়গায় নিতে হয়, সেই শিক্ষা আমি সেদিন পেয়েছিলাম ক্লাসরুমের বাইরে। সেই থেকে বুঝতে পেরেছি একজন সোর্স কেবল একজন তাৎক্ষণিক সোর্স নয়, বরং এটা একটা সম্পর্ক, আস্থা ও বিশ্বাসের।
বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ার সময় আমার শিক্ষক অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী স্যারের অনুপ্রেরণায় নিয়মিত একটা দেয়াল পত্রিকা বের করার সিদ্ধান্ত নেই। আমরা কয়েকজন মিলে শুরু করি। হাতে লেখা দেয়াল পত্রিকা বের করলাম। দেয়ালে টানালাম সেটা।
একদিন সকালে দেখি সাখাওয়াত স্যার করিডোরে একা দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে সেটা পড়ছেন। আমি পাশে গিয়ে দাঁড়াতেই তিনি খুব প্রশংসা করলেন। বললেন, এটা ছাপা ফরম্যাটে বের করার চেষ্টা করো। খুব ভালো হবে। আমার মাথায় যথারীতি ভাবনাটা গেঁথে গেল।
তৎকালীন বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক সিতারা পারভীন ম্যাডামকে বললাম যে একটা পত্রিকা বের করতে চাই। সাখাওয়াত স্যারের কথা বললাম। ম্যাডাম বললেন, কী করতে চাও সেটার একটা লিখিত প্রস্তাবনা দাও। তারপর গেলাম আহাদুজ্জামান স্যারের কাছে। তিনি তখন আমার টিউটোরিয়াল শিক্ষক। স্যার উৎসাহ দিলেন।
লেখা সংগ্রহের কাজ শুরু হলো। আমি তখন সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে একটা লেখা তৈরি করার সিদ্ধান্ত নিলাম। পরবর্তীতে এডিটরিয়াল বোর্ড আমার লেখাটাকে কভার স্টোরি বা প্রধান লেখা হিসেবে ছাপানোর সিদ্ধান্ত নিলো। পত্রিকা বের হলো। প্রথম সংখ্যার প্রথম প্রধান লেখাটা আমার। আমি খুশি অনেক। সাখাওয়াত স্যার আমাকে ডাকলেন। অনেক খুশি হয়েছেন স্যার। অনেক উৎসাহ দিলেন।
শিক্ষক তিনিই, যিনি সাধারণত ক্লাসে পড়ান। অনেকেই শিক্ষক হতে পারেন, কিন্তু সবাই গুরু নন। সাখাওয়াত স্যার আমাদের অনেকের কাছেই শিক্ষাগুরু। বিভাগের বাইরে, কোনো টিভি স্টেশনে বা সেমিনারে, যতবারই দেখা হয়েছে, তিনি আদর করে কাছে ডাকতেন, পরম মমতায় খোঁজ খবর নিতেন।

একজন ইতিহাস সচেতন, সংস্কৃতিমনা এবং যোগাযোগ ভাবনায় ডুবে থাকা মানুষ ছিলেন স্যার। সাংবাদিকতাকে তিনি অনেক দায়িত্বশীল পেশা হিসেবে তুলে ধরতেন। কবিতা ভালবাসতেন। বিভাগে একবার জীবনানন্দ দাশের কবিতা পড়তে সাহস করলাম। তিনি ছিলেন বিচারক।
‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে ‘আবার আসিব ফিরে’ কবিতাটি পড়লাম। তিনি পরে ডেকে আমাকে বললেন, জীবনানন্দ দাশের কবিতায় যে মেলানকলি (Melancholy) আছে সেটা ধরতে কত গভীরে প্রবেশ করতে হয়, সে বিষয়ে কথা বললেন। আমি মুগ্ধ হয়ে স্যারের কথা শুনলাম।
কত সহজ করে আমাকে বুঝিয়ে দিলেন! তারপর থেকে জীবনানন্দ দাশ আমার কাছে অন্যরকম অর্থ তৈরি করলো। তিনি বললেন, তার কবিতায় প্রচুর রূপকল্প আছে। চোখ বন্ধ করলে তা অনুভব করা যায়। হৃদয় দিয়ে অনুভব করতে হয় তা। সাখাওয়াত স্যারের সেই কথাগুলো এখনো আমার কানে বাজছে।
সাখাওয়াত স্যার নিজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, শিক্ষকতা করেছেন, দেশ-বিদেশের জার্নালে প্রবন্ধ লিখেছেন, পত্রিকায় কলাম লিখেছেন। অভিজ্ঞতায় ভরপুর একজন মানুষ। বিনয়ী, আবার বাবার মতো অভিভাবকসুলভ ছিলেন।
সাখাওয়াত স্যার নিজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, শিক্ষকতা করেছেন, দেশ-বিদেশের জার্নালে প্রবন্ধ লিখেছেন, পত্রিকায় কলাম লিখেছেন। অভিজ্ঞতায় ভরপুর একজন মানুষ। বিনয়ী, আবার বাবার মতো অভিভাবকসুলভ ছিলেন।
মজাও করতেন। একবার বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত একটা তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্যারের সাথে আমিও অতিথি হিসেবে মঞ্চে ছিলাম। পাশাপাশি বসলাম। স্যারকে বললাম, খুব ভালো লাগছে স্যার আপনাকে পেয়ে।
আপনার বয়স বাড়েনি স্যার। হাসলেন তিনি। বললেন, তুমি ঠিকই বলেছ, আগে ছিলাম খোকা, আর এখন হয়েছি বুড়ো খোকা! বলেই হাসলেন। স্বভাবসুলভ খোঁজ খবর নিলেন আমার, আমার পরিবারের। জানতে চাইলেন আমার প্রতিষ্ঠান এপি কেমন চলছে ইত্যাদি।
খুব খুশি হলেন তিনি। অন্য অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিলেন এই বলে যে, ও আমার ছাত্র। বিদায়ের সময় মাথায় হাত দিয়ে দোয়া করলেন, নিজের জন্য দোয়া চাইলেন।
প্রিয় সাখাওয়াত স্যার আজ আর নেই। সাংবাদিকতা শিক্ষার একজন পথিকৃৎকে হারালাম আমরা। একজন অভিভাবককে হারালাম আমরা। স্যারের সাথে টুকরো টুকরো স্মৃতি বয়ে চলব সারা জীবন। স্যারের জন্য প্রার্থনা।
জুলহাস আলম : ব্যুরো প্রধান, এসোসিয়েটেড প্রেস (এপি)