বিজ্ঞাপন

গণপিটুনি থেকে সাইবার বুলিং, নিষ্ঠুরতার উৎস কোথায়

গণপিটুনি থেকে সাইবার বুলিং, নিষ্ঠুরতার উৎস কোথায়

‘কারও কথা আমার পছন্দ হলো না, তাকে গিয়ে লাগিয়ে দিলাম দু’ঘা।’ ‘কারও বিশ্বাস বা কথার সাথে আমার মতের মিল নেই- দলবল নিয়ে তাকে কুপিয়ে মেরেই ফেললাম!’ ‘তুচ্ছ কারণে হত্যা করলাম আমার প্রতিবেশীকেই।’ ‘কখনো কয়েকজন মিলে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেললাম কাউকে।’ ‘কখনো কবর থেকে লাশ তুলে শুরু করলাম উল্লাস!’ ‘পিটিয়ে মেরেই ক্ষান্ত নয়- মৃতদেহ ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো।’

না, এগুলো মধ্যযুগীয় ঘটনা নয়; আমাদের চারপাশেরই খবর। খবরগুলো আমাদের বিস্মিত, ক্ষুব্ধ আর বেদনার্ত করে, আমাদের চোখ ঝাপসা হয়ে আসে।

মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। সভ্যতার ইতিহাসে মানুষ যেমন সৃষ্টি করেছে শিল্প, বিজ্ঞান, সাহিত্যের উজ্জ্বল দৃষ্টান্ত; রচনা করেছে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর সভ্যরীতি, তেমনি আবার সেই মানুষই লিখেছে রক্ত, ধ্বংস আর নিষ্ঠুরতার ইতিহাস।

হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমার আঘাতে থমকে দাঁড়িয়েছিল মানবিকতা। মানুষের ওপর মানুষ কেন এত ‘হিংস্র’ হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তর একক কোনো কারণে সীমাবদ্ধ নয়। এটি মানুষের মন, শৈশবের বিকাশ, সমাজ ও পারিপার্শ্বিকতার এক জটিল সমীকরণ। 

নিষ্ঠুরতা কোনো আকস্মিক বিকৃতি নয়; এটি ধীরে ধীরে গড়ে ওঠা এক মানসিক কাঠামো, যেখানে মানুষের অনুভূতি, শিক্ষা, প্রবৃত্তি  আর অভিজ্ঞতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সিগমুন্ড ফ্রয়েডের দৃষ্টিতে নিষ্ঠুরতা

মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের মতে এই ধরনের আচরণের পেছনে রয়েছে মানুষের অবদমিত কামনা-বাসনা, যাকে তিনি তুলনা করেছেন অবচেতন মনের জানালা খুলে দেওয়ার সঙ্গে। অবচেতনে মানুষ যা করতে চায়, যা কামনা করে, যা পেতে চায়-চেতন মনে সে তার শিক্ষা, সভ্যতা, সামাজিকতা আর নৈতিকতা দিয়ে সেগুলো ঢেকে রাখে।

সেই অবদমিত কামনা, সরাসরি পূরণ হয় না বলে হিংস্রতা আর নৃশংসতার মধ্য দিয়ে ভিন্নরপথে পূরণ করার চেষ্টা চলে। কখনো এই হিংস্রতা সে একাই প্রকাশ করে আবার কখনো প্রকাশ করে যূথবদ্ধভাবে। এই যূথবদ্ধ হিংস্রতার প্রকাশকে ফরাসি সমাজ-মনোবিজ্ঞানী গুস্তাভলি বন ব্যাখ্যা করে বলেন, এই অবদমিত কামনার প্রকাশ কখনো কখনো ছোঁয়াচে হয়ে যায় এবং দলবদ্ধভাবে নৃশংসতাকে প্রকাশ করে।

ফ্রয়েড মানুষের আচরণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, আমরা যা করি তার সবটাই সচেতন সিদ্ধান্ত নয়। আমাদের ভেতরে কাজ করে এক বিশাল অবচেতন জগৎ, যেখানে দমন করা ইচ্ছা, ভয়, রাগ ও আকাঙ্ক্ষা জমা হয়ে থাকে। তার মতে, মানুষের মধ্যে দুটি মৌলিক প্রবৃত্তি কাজ করে, জীবন প্রবৃত্তি (ইরোস) এবং ধ্বংস প্রবৃত্তি (থ্যানাটোস)।

এই ধ্বংস প্রবৃত্তি কখনো কখনো প্রকাশ পায় আগ্রাসন, সহিংসতা বা নিষ্ঠুর আচরণ হিসেবে। আজকের দিনে সভ্যতার ধারক ও বাহক ইংরেজরা ১৪৩১ খ্রিষ্টাব্দে ফরাসি বীরকন্যা জোয়ান অব আর্ককে অপবাদ দিয়ে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল। সভ্য মার্কিন মুলুকের মিসিসিপি, জর্জিয়া ইত্যাদি অঞ্চলে ১৮৮০ সাল থেকে ১৯৩০ সালের মধ্যে প্রায় ২ হাজার ৪০০ মানুষকে কেবল জাতিগত বিরোধের জেরে বিনা বিচারে বা প্রহসনের বিচারে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, যাকে বলা হতো ‘লিঞ্চিং মব বা গণপিটুনি’।

মানুষের মধ্যে এই হিংস্রতার ব্যাখ্যা হচ্ছে যে, একজন হতাশ মানুষ নিজের হতাশাকে কাটাতে, নিজের অপ্রাপ্তিবোধের তাড়না থেকে নিজের চাইতে দুর্বল কাউকে বেছে নেয়। আর সেই দুর্বলের ওপর হিংস্রতা দেখিয়ে একধরনের মানসিক পরিপূর্ণতা পেতে চায়। এই তত্ত্বকে বলা হয় ‘ফ্রাস্ট্রেশন-অ্যাগ্রেসন হাইপোথিসিস’। এ কারণেই আমরা দেখি দুর্বলের ওপর অপেক্ষাকৃত সবলের আস্ফালন এবং হিংস্রতা।

এরিক এরিকসনের বিশ্লেষণ

মার্কিন মনোবিশ্লেষক এরিক এরিকসন মানুষের জীবনকে বলেছিলেন, ধারাবাহিক মানসিক বিকাশের যাত্রা; মাতৃগর্ভ থেকে ক্রমাগত মানুষ বিকশিত হতে থাকে, সেই সাথে পরিবর্তন হয় তার চিন্তার, আচরণের। এই ধারাবাহিক বিকাশের প্রতিটি বাঁকে থাকে নানান সংকট বা চ্যালেঞ্জ।

শৈশবে যদি একজন শিশু যথেষ্ট ভালোবাসা, নিরাপত্তা ও সমানুভূতি না পায়, তবে তার মধ্যে জন্ম নেয় নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা;  কৈশোরে যখন সে নিজের আত্মপরিচয় খুঁজতে যায় তখন সেই অনিশ্চয়তা আরও গভীরে রূপ নেয়। এই অবস্থায় ব্যক্তি নিজের পরিচয় খুঁজে না পেয়ে আত্মপরিচয় সংকটে বিভ্রান্ত হয়ে পড়ে।

এরিকসনের মতে, এই ‘আইডেন্টিটি কনফিউশন’ অনেক সময় আক্রমণাত্মক আচরণে রূপ নিতে পারে। কারণ মানুষ যখন নিজের ভেতরেই নিজেকে স্থির করতে পারে না, তখন সে বাইরের পৃথিবীতে শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়।

এরিকসনের মতে নিষ্ঠুরতা এখানে আর নিছক রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়; এটি নিজের আত্মপরিচয় খুঁজে বের করার হাহাকারের প্রতিধ্বনি। অর্থাৎ নিষ্ঠুর মানুষ আসলে ভুগছে তার আইডেন্টিটি ক্রাইসিসে।

এরিক ফ্রমের ম্যালিগন্যান্ট অ্যাগ্রেসন

জার্মান মনোবিশ্লেষক এরিক ফ্রম তার বিখ্যাত গ্রন্থ ‘দ্য অ্যানাটমি অব হিউম্যান ডেস্ট্রাকটিভনেস’-এ মানুষের সহিংস আচরণকে নানা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তার মতে, প্রাগৈতিহাসিক যুগের মানুষ, যাদের আমরা গুহামানব বলি, তারা স্বভাবত খুব বেশি হিংস্র ছিল না। বরং তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনযাপন করত। যেমন একজন শিকার করলে পুরো গোষ্ঠী সেই খাদ্য ভাগ করে নিত।

এরিক ফ্রম মনে করেন, মানুষের মধ্যে সহিংসতার প্রবণতা জন্মগতভাবে থাকলেও প্রাচীনকালে তা মূলত আত্মরক্ষা ও বেঁচে থাকার প্রয়োজনেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ সেই সহিংসতা ছিল পরিস্থিতিনির্ভর, উদ্দেশ্যমূলক এবং সীমিত।

কিন্তু সময়ের সাথে সাথে সমাজে শ্রেণি-বিভাজন, রাজনৈতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক দ্বন্দ্ব এবং অর্থনৈতিক বৈষম্য তৈরি হওয়ার ফলে মানুষের আচরণে পরিবর্তন আসে। পরিবেশ ও সামাজিক প্রভাবের কারণে সহিংসতা ধীরে ধীরে আরও জটিল ও বিধ্বংসী রূপ নিতে শুরু করে। এরিক ফ্রম এই ধরনের ধ্বংসাত্মক সহিংসতাকে ‘ম্যালিগন্যান্ট অ্যাগ্রেসন’ নামে উল্লেখ করেছেন, যেখানে হিংস্রতা আর শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং তা হয়ে ওঠে ক্ষতিকর, নিষ্ঠুর এবং অনেক সময় অপ্রয়োজনীয়।

এই পরিবর্তনের পেছনে পারিবারিক পরিবেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন মানুষের মূল্যবোধ, আচরণ ও মানসিক গঠন অনেকটাই তার পরিবার থেকেই তৈরি হয়। যদি একটি পরিবারে সহিংসতা, অবহেলা বা বিকৃত সামাজিকীকরণ থাকে, তবে সেই প্রভাব সন্তানের মধ্যেও প্রতিফলিত হতে পারে।

উদাহরণ হিসেবে ২০১৫ সালে  সিলেটে শিশু রাজন হত্যার এর ঘটনাটি উল্লেখ করা যায়, যেখানে শিশুকে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছিল। এই ঘটনায় জড়িতদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যের অংশগ্রহণ তাদের পারিবারিক পরিবেশ, শৈশবের বিকাশ ও মানসিক গঠনের দিক নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি করে।

জ্যাঁ পিয়াজের ব্যাখ্যা: নৈতিকতার বিকাশ

জ্যাঁ পিয়াজে দেখিয়েছিলেন যে, নৈতিকতা জন্মগত নয়; এটি ধীরে ধীরে বিকাশ লাভ করে। শিশুরা প্রথমে নৈতিকতাকে বোঝে শাস্তি ও নিয়মের মাধ্যমে। তারা মনে করে, যা নিষিদ্ধ তা করলে শাস্তি হবে, তাই তা এড়িয়ে চলা উচিত। কিন্তু ধীরে ধীরে যখন তারা বড় হয়, তখন তারা বুঝতে শেখে যে নৈতিকতা কেবল নিয়ম নয়; এটি অন্যের অনুভূতির প্রতি সম্মান।

একজন মানুষের মূল্যবোধ, আচরণ ও মানসিক গঠন অনেকটাই তার পরিবার থেকেই তৈরি হয়। যদি একটি পরিবারে সহিংসতা, অবহেলা বা বিকৃত সামাজিকীকরণ থাকে, তবে সেই প্রভাব সন্তানের মধ্যেও প্রতিফলিত হতে পারে।

এই পর্যায়ে এসে তৈরি হয় ‘সমানুভূতি’—অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা। কিন্তু যদি এই বিকাশ বাধাগ্রস্ত হয়, যদি শিশুটি কখনো না শেখে যে অন্যের ব্যথাও বাস্তব, তবে সে বড় হয়ে নৃশংস আচরণের দিকে ঝুঁকে পড়তে পারে। পিয়াজের দৃষ্টিতে নিষ্ঠুরতা তাই অনেক সময় ‘অসম্পূর্ণ নৈতিক বিকাশের কারণে হয়ে থাকে’।

উলফগ্যাং কোহলারের দৃষ্টিভঙ্গি: নিষ্ঠুরতা দেখে শেখা আচরণ

জার্মান মনোবিদ উলফগ্যাং কোহলার দেখিয়েছিলেন, সমস্যা সমাধানে অন্তর্দৃষ্টি বা ‘ইনসাইট’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন এই অন্তর্দৃষ্টি তৈরি হয় না, তখন আচরণ হয়ে পড়ে সরল, পুনরাবৃত্ত এবং অনেক সময় আক্রমণাত্মক। মানুষ যখন জটিল সামাজিক পরিস্থিতি বুঝতে ব্যর্থ হয়, তখন সে সহজ প্রতিক্রিয়ার দিকে ঝুঁকে যায়; রাগ, প্রতিশোধ বা সহিংসতা।

এই দৃষ্টিতে নিষ্ঠুরতা অনেক সময় দেখে শেখা আচরণ (অবজারভেশনাল লার্নিং)। ব্যক্তি তার চারপাশ থেকে দেখে শেখে, কীভাবে শক্তি দিয়ে সমস্যা সমাধান করতে হয়, কীভাবে আঘাত দিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়। শক্তির বলয়ে বসবাস করে কীভাবে বিচারহীনতাকে নিজের যোগ্যতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়। ধীরে ধীরে এই আচরণ তার স্বাভাবিক ভাষায় পরিণত হয়। সে আপাদমস্তক একজন হিংস্র ‘মানুষ’ হিসেবে নিজেকে গড়ে তোলে।

পরিবার, সমাজ ও ডিজিটাল যুগ

নিষ্ঠুরতা কেবল ব্যক্তির ব্যক্তিগত মনস্তত্ত্ব বা তার ব্যক্তিত্ব বিকাশের ফল নয়; এটি সামাজিক পরিবেশেরও প্রতিচ্ছবি। যে শিশু সহিংস পরিবেশে বড় হয়, যে পরিবারে ভালোবাসার পরিবর্তে থাকে ভয়, যে সমাজে বৈষম্য স্বাভাবিক, সেখানে নিষ্ঠুরতা ধীরে ধীরে স্বাভাবিক আচরণে পরিণত হয়।

দারিদ্র্য, অবহেলা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার—এসবই মানুষের ভেতরে অসহায়তা ও রাগ তৈরি করে। আর সেই রাগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা অন্যের ওপর নিষ্ঠুরতা হিসেবে প্রকাশ পায়। এভাবে সমাজ নিজেই নিজের অজান্তে নিষ্ঠুরতার পুনরুৎপাদন করে।

আজকের পৃথিবীতে নিষ্ঠুরতা আর শুধু শারীরিক নয়, এটা মানসিক, ডিজিটাল এবং অনেক সময় অদৃশ্য। সাইবার বুলিং, সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপরের চরিত্রহনন, গুজব ছড়িয়ে আরেকজনের ওপর আক্রমণ,  কর্মক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি বা অবমাননাকর মন্তব্য—এসবই আধুনিক নিষ্ঠুরতার অংশ।

এসব নিষ্ঠুরতায় আঘাত দেখা যায় না, কিন্তু অনুভূত হয় গভীরভাবে। একটি শব্দ, একটি মন্তব্য বা একটি উপহাস—মানুষের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে ধীরে ধীরে। এই নতুন নিষ্ঠুরতা আরও বিপজ্জনক, কারণ এটি দ্রুত ছড়িয়ে পড়ে, দাবানলের মতো নিষ্ঠুরভাবে আরেকজনকে পুড়িয়ে ছারখার করে দেয়।

কেন এই নৃশংস আচরণ

মনোবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানীদের তাবৎ তত্ত্ব আর গবেষণা থেকে মানুষের নিষ্ঠুর আচরণের পেছনের প্রধান কারণগুলো হচ্ছে-

১। শৈশবে বেড়ে ওঠার সময় যদি কেউ যদি হিংস্রতা, নির্মমতা আর সংঘাতময় পরিস্থিতির মুখোমুখি হয় তবে ভবিষ্যতে তার মধ্যে নিষ্ঠুর আচরণ দেখা দিতে পারে;

২। তার পরিবারে কোনো সদস্য যদি আচরণে অতিমাত্রায় নির্দয় হয়;

৩। স্কুলে যদি সে ক্রমাগত নিষ্ঠুর আচরণ বা উত্ত্যক্তের মুখোমুখি হয় বা কোনো শারীরিক, মানসিক বা যৌন নিপীড়নের মুখোমুখি  হয়;

৪। সামাজিক অস্থিরতা আর সহিংসতার মধ্যে বড় হতে থাকলে;

৫। আবার এগুলোর কোনোটাই ছিল না-দলবদ্ধ হিংস্রতার মধ্যে পড়ে গিয়ে একজন সাধারণ, নিপাট, নিরীহ মানুষের মনের কোণে লুকিয়ে থাকা সহিংসতা প্রকাশ পেয়ে যেতে পারে- যাকে বলা হয় ‘কনফর্মিটি’;

৬। অযোগ্য ব্যক্তি যদি আধিপত্য পেয়ে যায় তখন সে নৃশংসতাকে তার আধিপত্য ধরে রাখতে ব্যবহার করে;

৭। পার্সোনালিটি ডিজঅর্ডার বা মাদকের প্রভাবে মানুষের আচরণে নৃশংসতা প্রকাশ পেতে পারে;

৮। যদি চারপাশে নৃশংস আচরণ করা কোনো একজন মানুষকে সমাজের একটা বড় অংশ শুধু ব্যক্তিগত লাভের কারণে বাহবা দিতে থাকে তবে অপরাপর কিছু মানুষের মধ্যেও সেই নৃশংস ও অপরিশীলিত আচরণ উৎসাহিত হয়।

করণীয় কী

তবুও মানুষের গল্প কেবল অন্ধকারে শেষ হয় না। মানুষের ভেতরেই আছে সমানুভূতি ও ভালোবাসার শক্তি—যা নিষ্ঠুরতার বিপরীতে বারবার ‘মানুষ’কে মানুষ করে তোলে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা জন্মায় বোঝার মধ্য দিয়ে, শোনার মধ্য দিয়ে, এবং অন্যের কষ্টকে নিজের মতো করে অনুভব করার ক্ষমতা থেকে। শিশুদের যদি ছোটবেলা থেকেই আবেগ বোঝানো যায়, যদি পরিবারে নিরাপত্তা ও ভালোবাসার পরিবেশ থাকে, যদি সমাজে ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠিত হয়—তবে নিষ্ঠুরতার শিকড় দুর্বল হয়ে পড়ে।

আমরা এই মুহূর্তে বাস করছি একটি ‘বিশ্বাস ভিত্তিক সমাজ (ফেইথ বেসড সোসাইটি)’-তাই আমার বিশ্বাসের সাথে সংঘাত হলেই আমরা নৃশংস নির্মম হয়ে উঠি; অপরের বিশ্বাসকে গ্রহণ করতে পারি না। এজন্য দরকার ‘জ্ঞানভিত্তিক সমাজ (নলেজ বেসড সোসাইটি)’। মানুষের মনের অন্ধকার দূর করতে পারে জ্ঞানের আলো।

এজন্য যা যা করা যেতে পারে—

১. পরিবার থেকেই শুরু হোক সহমর্মিতার শিক্ষা

মানুষের প্রথম শিক্ষায়তন তার পরিবার। পরিবারে শিশু যদি ভালোবাসা, সহনশীলতা ও সম্মান শেখে, তবে সে বড় হয়ে সহিংসতার পথে কম যাবে। তাই সন্তানের প্রতি নিষ্ঠুরতা দেখাবেন না, নিষ্ঠুরতাকে সমর্থন করবেন না, সন্তানের সামনে চারপাশের অপরিশীলিত আচরণকে উৎসাহিত করা বন্ধ করুন।

আজকের পৃথিবীতে নিষ্ঠুরতা আর শুধু শারীরিক নয়, এটা মানসিক, ডিজিটাল এবং অনেক সময় অদৃশ্য। সাইবার বুলিং, সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপরের চরিত্রহনন, গুজব ছড়িয়ে আরেকজনের ওপর আক্রমণ, কর্মক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি বা অবমাননাকর মন্তব্য—এসবই আধুনিক নিষ্ঠুরতার অংশ।

সন্তানকে তার আবেগ নিয়ন্ত্রণ করার কৌশল শেখান। অপরের আবেগ অনুভূতিকে মূল্য দিতে শেখান। শিশুর সামনে এমন কোনো বিষয়কে উৎসাহিত করা যাবে না যাতে সে মনে করে হিংস্রতাই সক্ষমতা।

২. শিক্ষা ব্যবস্থায় আবেগীয় বুদ্ধিমত্তা যুক্ত করা

প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ডজন ডজন স্টার আর এপ্লাস আছে, নম্বরের ভারে শিক্ষার্থীরা ন্যুব্জ, কিন্তু সত্যিকারের মানবিক আচরণ আর আবেগীয় বুদ্ধিমত্তার চর্চা হচ্ছে কম। সোশ্যাল ইমোশনাল লার্নিং কেবল নামেই আছে; বাস্তবে এর দেখা মেলা ভার। এজন্য স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানে, সব পাঠক্রমে মানবিক গুণ বাড়ানোর বিষয় সংযুক্ত করতে হবে।

৩. গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতা

বর্তমানে অনেক সহিংসতা শুরু হয় একটি ফেসবুক পোস্ট বা গুজব থেকে। এজন্য তথ্য যাচাই ছাড়া শেয়ার না করা, ডিজিটাল লিটারেসি বাড়ানো এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। প্রচারমাধ্যমকে হতে হবে দায়িত্বশীল। সহিংসতা বা হিংস্রতার সংবাদ এমনভাবে পরিবেশন করতে হবে, যাতে হিংস্র আচরণকারী কখনোই ‘হিরো’ হয়ে না ওঠে এবং এই সংবাদ থেকে কেউ যেন সহিংসতায় উৎসাহিত না হয়।

৪. দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করা

যখন নৃশংস ও নিষ্ঠুর অপরাধের বিচার হয় না, তখন মানুষ মনে করে—‘এটা করলেও কিছু হবে না।’ তাই আইনের দ্রুত প্রয়োগ ও  অপরাধীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।

৫. কমিউনিটি ভিত্তিক সামাজিক নিয়ন্ত্রণ

গ্রাম বা মহল্লায় সামাজিক বন্ধন দুর্বল হয়ে গেলে অপরাধ বাড়ে। স্থানীয় নেতৃত্বের ইতিবাচক ভূমিকা, সামাজিক সংলাপ ও সচেতনতা সভা, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সহনশীলতার চর্চা বড়াতে হবে।

৬. মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা

অনেক সহিংস আচরণের পেছনে থাকে দমন করা রাগ, হতাশা ও মানসিক চাপ। তাই মানসিক সমস্যা দ্রুত সনাক্ত করা এবং মনের যত্ন নিতে শেখানোও জরুরি।

মানুষের ভেতরে যেমন অন্ধকার আছে, তেমনি আছে আলোও। সেই আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার—পরিবার, শিক্ষা, সমাজ এবং রাষ্ট্রের। সহমর্মিতা, ন্যায়বিচার ও সচেতনতার মাধ্যমে আমরা চাইলে একটি নিষ্ঠুরতামুক্ত, ভালোবাসায় পূর্ণ মানবিক সমাজ গড়ে তুলতে পারি।

ডা. হেলাল উদ্দিন আহমেদ : অধ্যাপক, চাইল্ড এডোলেসেন্ট ও ফ্যামিলি সাইকিয়াট্রি, ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর