বিজ্ঞাপন

এখনও শুরু হয়নি তারুণ্যের সমাবেশ, গানে গানে উজ্জীবিত নেতাকর্মীরা

এখনও শুরু হয়নি তারুণ্যের সমাবেশ, গানে গানে উজ্জীবিত নেতাকর্মীরা

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকাজুড়ে জড়ো হয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুর ২টা থেকে তারুণ্যের এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলে দুপুর ৩টা ২০ মিনিট পর্যন্ত সমাবেশ শুরু হয়নি। এই সময়টাতে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সংগীত শিল্পীরা নানা গান পরিবেশ করছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশ শুরু না হলেও নেতাকর্মীদের স্রোতে জমজমাট হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন।

এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আয়োজকরা বলছেন, রাজনৈতিক অঙ্গনে তরুণদের অধিকার এখন সবচেয়ে বেশি উপেক্ষিত। নির্বাচনে ভোটাধিকার থেকে শুরু করে মতপ্রকাশ-সব ক্ষেত্রেই তরুণরা নানা প্রতিবন্ধকতার মুখে। এই সমাবেশের মাধ্যমে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

dhakapost

এদিকে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যানজট এড়াতে নয়াপল্টনের দুই পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এমএইচএন/এসআইআর