গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যা ও অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর ছাত্রশিবির।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুন্দর পরিবেশ ও সুযোগকে নস্যাৎ করতে একটি দল পাগল হয়ে গেছে। গত দেড় বছরে ওই দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে। তাদের নেতা দেশে আসার পর তারা আরও লাগামহীন হয়ে পড়েছে।
তিনি বলেন, দেশের মানুষ বুঝে গেছে তারা গণতন্ত্র চায় না, তারা চায় মাফিয়াতন্ত্র। তারা সারা দেশে আমার মা-বোনদের ওপর হামলা করছে। তারা ২৩০ জনের বেশি নিজ দলের নেতাকর্মীকে হত্যা করেছে। কিছুদিন আগে শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করেছে। গতকাল (শনিবার) গাজীপুরে তাদের হাত থেকে নারী ব্যবসায়ীও রক্ষা পায়নি, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সারা দেশে বিএনপি ও ছাত্রদলের হত্যা, নারী নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, গত ১৮ মাসে বিএনপি শতাধিক নারীকে ধর্ষণ করেছে, ২৩১ জনকে খুন করেছে, সারা দেশে চাঁদাবাজি ও দখলদারত্বে লিপ্ত হয়েছে। সর্বশেষ তারা গতকাল এক নারী ব্যবসায়ীকে হত্যা করেছে। ক্ষমতার লোভে তারা মজলুম থেকে জালেমে রূপান্তরিত হয়েছে।
তিনি বলেন, তারেক রহমান দেশে এসেছেন মানুষ হত্যা ও নারীদের হেনস্তা করার প্ল্যান নিয়ে। আপনারা আমাদের নারীদের হিজাব ধরে টান দেবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি দেবেন, আবার ফ্যামিলি কার্ডের গল্প শোনাবেন। যদি পারেন চাঁদাবাজি, ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন। জনগণ ১২ তারিখ দেখিয়ে দিবে এ দেশে ধর্ষক, চাঁদাবাজদের ঠাঁই নাই।
শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, ৫ আগস্টের পর যখন সবাই সুস্থ রাজনীতি করতে চেয়েছে তখন একটি দল হত্যা, চাঁদাবাজি ও নারী নিপীড়নের দিকে ঝুঁকে পড়েছে। গতকাল একজন নারী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে। তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একটু আগে খবর এলো চট্টগ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে এক ছাত্রদল নেতা গ্রেপ্তার হয়েছে। ২০১৮ সালে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ায় তার মেয়েকে যে ধর্ষণ করেছে সে বিএনপির প্রচারণায় নেমেছে।
তিনি আরও বলেন, আগামী ১২ জানুয়ারি দেশে নতুন সূর্য উদয় হবে, যেখানে সব নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি, চাঁদাবাজ ও নারী নিপীড়কদের বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে।
এসএআর/এসএসএইচ