চট্টগ্রামে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর থিমে তৈরি একটি ব্যানার নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ব্যানারে বড় অক্ষরে সিরিজের বিখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ লেখা রয়েছে। সিরিজের চরিত্র জন স্নোরের স্থানে শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা (দলের প্রতীক) হাতে তলোয়ার ধরার ভঙ্গিতে প্রদর্শন করা হয়েছে। পটভূমিতে তুষার ও নেকড়ের ছবি থাকায় পুরো দৃশ্যটি ‘গেম অব থ্রোনস’-এর থিমের সঙ্গে মিলে যায়। নিচে লেখা আছে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’।
সোমবার (২ ফেব্রুয়ারি) নগরের হালিশহর ও চকবাজার এলাকায় দেখা গেছে এসব ব্যানার।
সিরিজের মূল গল্পে স্টার্ক পরিবারের মুখ্য মন্ত্র ছিল ‘উইন্টার ইজ কামিং’, অর্থাৎ কঠিন সময় আসছে, সতর্ক হও। এমন প্রতীকী বার্তা এবার চট্টগ্রামের ব্যানারে দেখা গেল রাজনৈতিক প্রেক্ষাপটে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ বলেন, এ ধরনের কিছু আমাদের জানা নেই। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। আমাদের ব্যানারগুলো সবসময় সংগঠনের নাম দিয়েই টাঙানো হয়।
সোমবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যান। এদিন সকাল থেকে তিনি মহেশখালী, কক্সবাজার সদর, লোহাগাড়া, সীতাকুণ্ডে বক্তব্য শেষে সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এমআর/এমএন
