আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করছে দলটি।
এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ও বিস্তারিত আলোচনার জন্য আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বঙ্গভবনে যাচ্ছেন জামায়াতের একটি প্রতিনিধি দল।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে।
দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল ([email protected]) ব্যবহার করে একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল। ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইলে ক্লিক করার পরপরই আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।
গত শনিবার বিকেলে অল্প সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাকড ছিল এবং ওই সময়ের মধ্যেই একটি বিতর্কিত নারীবিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করে জামায়াত নেতা মাহমুদুর রহমান জানান, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মেসেজগুলো বঙ্গভবনের ই-মেইল থেকে পাঠানো হয়েছে। ওই মেইলে জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতাকে ‘সিসি’তে রাখা হয়েছিল। জামায়াতের দাবি, ডা. শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ওই পোস্টটি মূলত তাকে বিব্রত ও রাজনৈতিকভাবে হেয় করতেই পরিকল্পিতভাবে করা হয়েছে।
উল্লেখ্য, অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার ৪৫ মিনিটের মধ্যেই তা পুনরুদ্ধার করতে সক্ষম হয় জামায়াতের সাইবার টিম। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিতর্কিত ওই পোস্টের সঙ্গে ডা. শফিকুর রহমান বা তার অ্যাকাউন্ট পরিচালনাকারীদের কোনো সম্পর্ক নেই।
জেইউ/বিআরইউ