জোর-জুলুম করে কারও মন জয় করা যায় না : সালাম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জোর-জুলুম করে কখনও কারও মন জয় করা যায় না। ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে হবে বন্ধুত্ব ও আদর্শের মাধ্যমে।
তিতুমীর কলেজ ছাত্র দলের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি ও ছাত্রদলের একটি আদর্শিক রাজনীতি রয়েছে, সেই পরিচ্ছন্ন ও প্রগতিশীল রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে।
আজ (মঙ্গলবার) তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, তরুণ ও ছাত্রসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি সেক্টর নিয়ে ভাবেন। তার চিন্তায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যুবক, তরুণ ও ছাত্রসমাজ। কারণ, ছাত্ররাই আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, ছাত্ররাজনীতির নামে অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হত্যার রাজনীতি চালু করেছিল ছাত্রলীগ। শিক্ষা প্রতিষ্ঠান দখলের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল ছাত্ররাজনীতির পরিবেশ। গত ১৭ বছরে সেই রাজনীতির ফল দেশ দেখেছে।
তিনি বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদল সব ধর্মের মানুষের অবস্থানে বিশ্বাস করে। শিক্ষাভিত্তিক ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।
আবদুস সালাম বলেন, প্রকৃত বিএনপি ও ছাত্রদলের রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা গেলে প্রতিপক্ষ টিকতে পারবে না। তিনি শিক্ষার্থীদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, এই ইতিহাস নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জানাতে হবে। এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ তিতুমীর কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এএএম/এনএফ