একজন নিজের প্রার্থিতার কথা ভুলে বারবার তারেক রহমানের নাম নিচ্ছেন

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেছেন, এই আসনে এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজের অবস্থানের কথা ভুলে বারবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নাম নিচ্ছেন।
নিজের দলের ইশতেহার নিয়ে জনগণের কাছে না গিয়ে অন্যের নাম ব্যবহার করার এই প্রবণতার নিন্দা জানান তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-১৭ আসনে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা শেষে এক পথসভায় মাহফুজ কবির মুক্তা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি গণমানুষের দল এবং সাধারণ মানুষের পক্ষে সবসময় কাজ করে। দলটির রাজনীতির ভিত্তি হচ্ছে এ দেশের সাধারণ নাগরিক ও জনগণ। আমরা জনগণের কাছে যাচ্ছি এবং আমরা জানি জনগণ সবসময় বিএনপির পক্ষে সমর্থন প্রকাশ করে।’
তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর দেশে যতগুলো সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে, তার সবকটিতেই বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছে।
মাহফুজ কবির মুক্তা বলেন, ‘ঢাকা-১৭ আসনের জনগণের জন্য বড় সৌভাগ্য যে, ১৭ বছর লড়াই-সংগ্রাম করে আন্দোলনের সফলতা এনে দেওয়া মহানায়ক তারেক রহমান এখান থেকে ভোট করে প্রধানমন্ত্রী হবেন।’
নির্বাচনী মাঠের প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি এই আসনের একজন প্রার্থী বারবার তারেক রহমানের নাম উল্লেখ করছেন। মাহফুজ কবিরের ভাষ্যমতে, ‘মনে হয় তিনি ভুলে গেছেন যে নিজেই একটি দলের প্রার্থী। নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি তারেক রহমানের নাম ব্যবহার করছেন। আমরা এর নিন্দা জানাই। নিজের দলের ইশতেহার নিয়ে জনগণের কাছে যান। এই আসনের মানুষের জন্য আপনি কী করবেন, তা বলুন।’
জাতীয়তাবাদী প্রচার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ডাবলুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন– সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহসভাপতি আজিজুস সামাদ, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম ও স্বাস্থ্য সম্পাদক ডা. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন– কামাল উদ্দিন আহমদ, রুবেল হৃদয়, জাফর তালুকদার, শামীম রেজা প্রমুখ।
এএইচআর/বিআরইউ