চট্টগ্রামে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের মিছিল

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে নারীদের মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) মিছিলটি বন্দরটিলা আলী শাহ মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিজেড মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান জানিয়ে আয়োজিত এ মিছিলে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে আসা নারীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিল-পরবর্তী সমাবেশে মোহাম্মদ শফিউল আলম বলেন, এই নারী সমাবেশ প্রমাণ করে বন্দর-পতেঙ্গা এলাকার মা-বোনেরা আর নীরব দর্শক থাকতে চান না। তারা একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সক্রিয়ভাবে অংশ নিতে রাজপথে নেমে এসেছেন। নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে নতুন করে সাহস ও প্রেরণা জুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সমাজ কখনো এগোতে পারে না। নির্বাচিত হলে এ এলাকায় নারীদের বিরুদ্ধে সব ধরনের বৈষম্য, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
সমাবেশে অংশ নেওয়া নারীরা বলেন, ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মোহাম্মদ শফিউল আলম একজন যোগ্য ও সৎ প্রার্থী। তার নেতৃত্বে বন্দর-পতেঙ্গা এলাকায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম-১১ আসনের নির্বাচন পরিচালিকা সাহেদা মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর মহিলা সেক্রেটারি ফরিদা খানম, নগর কর্মপরিষদ সদস্যা আয়েশা পারভিন, রাবেয়া বেগম ও রোকেয়া বেগম প্রমুখ।
এমআর/এসএসএইচ