জিতলে ২৬ দফা পরিকল্পনা বাস্তবায়ন করবেন জামায়াতের হেলালী

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান পরিবর্তনে ২৬টি বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। সুশাসন, কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে প্রণীত এ ইশতেহারকে তিনি জনআকাঙ্ক্ষার প্রতিফলন বলে উল্লেখ করেন।
সোমবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন এবং টেকসই উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক।
তিনি আরও বলেন, সাবেক কাউন্সিলর হিসেবে হেলালী অতীতে জনগণের সেবা করেছেন এবং ভবিষ্যতেও চট্টগ্রাম-১০ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। ইশতেহার বাস্তবায়নে জনগণের সমর্থন কামনা করেন তিনি।
ইশতেহার পাঠকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, নির্বাচনে জয়ী হলে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নসহ ২৬টি পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি এসব পরিকল্পনা বাস্তবায়নে এলাকাবাসীর দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সভাপতি এস এম লুৎফর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর আমির মাওলানা জিয়াউর হোসাইন, হালিশহর থানা আমির ও আসনের পরিচালক ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমির মুহাম্মদ নুরুল আলম, খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এমআর/এমজে