শেষ দিনে জামায়াত আমিরের নেতৃত্বে মিরপুরে গণমিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণার শেষ দিনে ঢাকা-১৫ আসনে নির্বাচনী গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণমিছিলে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদীয় প্রার্থী ডা. শফিকুর রহমান। গণমিছিলে দলটির ঢাকা মহানগর উত্তর শাখাসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় পুরো আগারগাঁও থেকে তালতলা হয়ে মিরপুর এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে। বিভিন্ন অলিগলিসহ মূল সড়ক ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচন জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণমিছিলে অংশগ্রহণকারীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে গণমিছিলটি সম্পন্ন হয়েছে। পুরো কর্মসূচি চলাকালে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
টিআই/জেডএস