তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের ভোটগ্রহণ শুরু হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। এই নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে-কোথায় ভোট দেবেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি ঢাকা-১৭ এবং বগুড়া-৪ আসনে ভোটে অংশ নিচ্ছেন। ভোটে বিএনপি জয়ী হলে তিনি হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী।
বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে তারেক রহমান ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকায় প্রার্থী হয়েছেন। বাকিরা নিজ-নিজ সংসদীয় আসনে ভোটে অংশ নিচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। ভোট কেন্দ্রটি রাজধানী গুলশান-২ নম্বর এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এছাড়া বিএনপি স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, মির্জা আব্বাস রাজধানীর শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেবেন।
এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, হাফিজ উদ্দিন আহমেদ ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন।
এএইচআর/এসএম