বিশৃঙ্খলা করলে জনগণই প্রতিরোধ করবে, এমনকি আমাদেরও : বিএনপি

নির্বাচনে কেউ বিশৃঙ্খলা বা প্রতিরোধ সৃষ্টির চেষ্টা করলে জনগণই তাদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, যে-ই নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে আমাদের কিছু করা লাগবে না, জনগণ তাদের প্রতিরোধ করবে। এমনকি আমরাও যদি এমন কাজ করার চেষ্টা করি, জনগণ আমাদেরও তাই করবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এদিন ইসিতে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে যান।
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ফেনী-১ আসনে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ হয়েছে। এছাড়া ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষ্মীপুর এবং সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বেআইনি কার্যক্রমের অভিযোগে আটক করা হচ্ছে।
তিনি বলেন, এসব ঘটনার ভিডিও প্রচার হচ্ছে কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইসিকে নিউজ, ভিডিওসহ অভিযোগ দিয়েছি এবং দ্রুত পদক্ষেপ নিতে বলেছি। যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।
সৈয়দপুরে টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনায় ইসি সচিবের একটি মন্তব্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন ৫০ লাখ কেন, ৫ কোটি টাকাও বহন করা যেতে পারে। এটা ঠিক নয়। এখন সময়টা ভিন্ন। স্বাভাবিক সময় হলে ইসি কেন বলবে বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানো যাবে না? নিশ্চয়ই কারণ আছে যাতে ভোটারদের টাকা দেওয়া না যায়।
তবে ইসি সচিব এই বক্তব্য অস্বীকার করেছেন উল্লেখ করে বিএনপি নেতা বলেন, সচিব দাবি করেছেন তাকে ‘মিসকোট’ করা হয়েছে। আমরা জানি না কে সত্য বলছে। যদি সচিব এটা বলে থাকেন তবে তা দুঃখজনক, আর যদি গণমাধ্যম ভুলভাবে প্রচার করে তবে সেটিও উদ্দেশ্যপ্রণোদিত। আপনারা (সাংবাদিকরা) সত্য উদ্ঘাটন করুন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের একটি কার্ড ইস্যু করা নিয়ে প্রশ্ন তুলে নজরুল ইসলাম খান বলেন, নির্বাহী পরিচালক লিখেছেন কাস্টমসের অনুমতি নিয়েই জামায়াত নেতা টাকা বহন করেছেন। তাকে কেউ প্রশ্ন করেনি, তবে তিনি কেন নিজে থেকে এই ব্যাখ্যা দিলেন? শাহজালাল বিমানবন্দর দিয়ে এই টাকা কীভাবে গেল, তা রহস্যজনক।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমাদের প্রতিপক্ষ দুর্বল নয়। যারা পরিবর্তন চায় না তারা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। আবার যারা নির্বাচনে আছে কিন্তু নিশ্চিত পরাজয় জেনেছে, তারাও বিশৃঙ্খলা করতে পারে। এজন্য নির্বাচন কমিশনকে শক্ত ব্যবস্থা নিতে হবে।
এসআর/এসএম