চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে মোমবাতি সমর্থককে মারধরের অভিযোগ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের একটি ভোটকেন্দ্রের বাইরে মোমবাতি প্রতীকের এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ চলাকালে গুন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারধরের শিকার ব্যক্তির নাম জহিরুল ইসলাম হেলাল। তিনি মোমবাতি প্রতীকের একজন সক্রিয় সমর্থক। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই তিনি কেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের আশপাশে অবস্থানকালে একপর্যায়ে অন্য কয়েকজনের সঙ্গে জহিরুল ইসলামের কথাকাটাকাটি শুরু হয়। সেই তর্ক-বিতর্কের জেরে বেশ কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পরপরই কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ভোটকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর এই ঘটনার রেশ থাকলেও ভোটগ্রহণ কার্যক্রম কোনো বিঘ্ন ছাড়াই অব্যাহত আছে বলে জানা গেছে।
এমআর/বিআরইউ