আলাদা কক্ষে ভোটের সুযোগ, প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আলাদা কক্ষে ভোটদানের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন এ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের প্রধান নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান খান।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বেলা ১১টায় গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট চলাকালীন একটি গুরুতর অনিয়ম প্রত্যক্ষ করেছি। এই কেন্দ্রের অধ্যক্ষের কক্ষ নির্ধারিত কোনো ভোটকক্ষ নয়। এরপরও একজন বিশেষ ব্যক্তিকে আলাদাভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই অবৈধ কাজটি করেছেন কেন্দ্রের খোদ প্রিজাইডিং কর্মকর্তা, যার ভিডিও রয়েছে।
এতে আরও বলা হয়, ভোট প্রদানের সময় ওই কক্ষে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন না। যা নির্বাচনী স্বচ্ছতার পরিপন্থি ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পোলিং এজেন্টের অনুপস্থিতিতে ব্যালট পেপারের বই ও সিল সেখানে নিয়ে যাওয়া হয় এবং ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। এছাড়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তা স্বীকার করেছেন যে, তাকে জোর পূর্বক কাজটি করিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা।
মিজানুর রহমান বলেন, ভোটগ্রহণের নির্ধারিত কক্ষের বাইরে ও পোলিং এজেন্টের উপস্থিতি ছাড়া এভাবে ব্যালট পেপারের বই এবং ভোটগ্রহণ করা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি জনমনে নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। অতএব আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি।
এমআরআর/এমএসএ