রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাতীয় ছাত্রশক্তির নেতা আহত

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জানভির আলম (২৩) নামের এক ছাত্রনেতা গুরুতর আহত হয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কদমতলী থানার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সোনারগাঁ ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত জানভির আলম শনিরআখড়া বোয়ালবাড়ি মোড় এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে। রাত সাড়ে ১২টার দিকে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতের সহকর্মী সাদেক মির্জা জানান, রাতে পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে বসে থাকা অবস্থায় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে জানভিরের ডান কাঁধের পেছনে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে ঘাড় ও পিঠে জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
বিষয়টি ইতোমধ্যে কদমতলী থানা-পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/বিআরইউ