প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ইশরাক হোসেন

ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই রাজনৈতিক অঙ্গনে চমক দেখালেন তরুণ বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজপথের আন্দোলনের সক্রিয় ভূমিকার পুরস্কার হিসেবেই তাকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এদিন মন্ত্রিসভার মোট ৪৯ জন সদস্য শপথ নেন, যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।
ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র ও প্রবীণ বিএনপি নেতা মরহুম সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা এই তরুণ নেতা ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিজয়ী হয়ে তিনি সংসদীয় রাজনীতিতে অভিষেক হন।
এমএন