বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে : মঈন খান

বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের ওপরে জগৎদল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপির জনগণের শক্তিতে বিশ্বাস করে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল মঈন খান।
এসময় নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-২ আসনের এমপি আবদুল খান, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্যমন্ত্রী), নরসিংদী-৫ আসনে আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে, আমি একটু আগে বলেছি, ১৯৭১ এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরিহ মানুষ ওপরে ঝাপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাব।
তিনি বলেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী।
বিএনপি এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি, ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আমরা এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব।
এএএম/এসএম