ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে উন্নয়ন করা যায় না

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে সমঝোতা করে অর্থনীতি ও আইন-শৃঙ্খলার উন্নয়ন করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভাটারায় নগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমঝোতা বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গেলেও সমঝোতা করে অর্থনীতির উন্নয়ন ও আইন-শৃঙ্খলার উন্নয়ন ঘটানো যায় না। ব্যাংক, প্রশাসনসহ সর্বত্র দলীয় লোকদের নিয়োগ দিয়ে রাজনৈতিক দুর্বিত্তায়নের দিকেই হাঁটছে সদ্য শপথ নেওয়া সরকার।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, সর্বত্র দলীয়করণ ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের মূলোৎপাটনেই ২৪ এর জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। যার কারণে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করে ক্ষমতাসীন হয়েছে। কিন্তু যেভাবে ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা ও আধিপত্য বিস্তার চলছে, মনে হয় বিএনপি বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। ঋণ খেলাপি, সন্ত্রাসী, অযোগ্য লোকদের হাতে ক্ষমতা ও নিয়ন্ত্রণ দিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলা সম্ভব নয়। আইন-শৃঙ্খলার চরম অবনতি চলছে। ধর্ষণের পর কন্যাকে বাবার থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে ফেলে রাখা আইন-শৃঙ্খলা অবনতির চরম পরিণতি।
ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম নাঈম, ফরিদুল ইসলাম, ডাক্তার মুজিবুর রহমান, আব্দুল কুদ্দুস রশিদী প্রমুখ।
ওএফএ/এমএন