নিরপেক্ষ জায়গা থেকে গণঅভ্যুত্থান নিয়ে গবেষণা ও বিশ্লেষণের আহ্বান নাহিদের

গণঅভ্যুত্থান নিয়ে নিরপেক্ষ জায়গা থেকে লেখালেখি, গবেষণা ও বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ মার্চ) এনসিপিকে নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ঠিক করে দিয়েছে, আগামীর বাংলাদেশ কেমন হবে, রাজনৈতিক লড়াই কেমন হবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আরও বেশি বই লেখা উচিত। গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে জুলাই অভ্যুত্থানের ইতিহাস থাকবে। আরেকটু সময় গেলে আমরা বুঝতে পারবো অভ্যুত্থান কীভাবে হয়েছে।
তিনি আরও বলেন, গত এক দশকে যেসব নেতৃত্ব সারা দেশ থেকে সংগঠিত হয়েছিল, তাদের নিয়েই হয়েছিল জাতীয় নাগরিক কমিটি। আর বৈষম্যবিরোধী আন্দোলন ছিল মাঠের ছাত্রদের। এই দুইয়ের সম্মেলন এনসিপি।
এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থান থেকে অনেক প্লাটফর্ম এসেছে, তাদের স্বাগত জানাই। তবে গণঅভ্যুত্থানের রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়েছে এনসিপি। কারণ অভ্যুত্থানের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে এসেছে। এরা সংস্কার ও বিচারের রাজনীতিটা ধরতে পেরেছে।
তিনি বলেন, এনসিপি নিয়ে সামাজিক মাধ্যম ও কূটনীতিকদের কাছে প্রোপাগান্ডা ছড়ানো হয়। বিভিন্ন নেতার বরাতে এনসিপির বিভিন্ন ইস্যুর বক্তব্য আড়াল করা হয়। এনসিপির বিভিন্ন ইস্যুতে অবস্থানগুলো এই বইতে আছে।
অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্য রোধ, গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত না হলে বাংলাদেশেও সামনের দিনে নেপালের মতো আন্দোলন ও ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেন, বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম, বইয়ের প্রকাশক আদর্শ'র স্বত্বাধিকারী মাহবুব রাহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসআই/এমএন