বিএনপি সরকার ইতোমধ্যে প্রচুর অন্ধ আচরণ শুরু করেছে : ফুয়াদ

বিএনপি সরকার ইতোমধ্যে প্রচুর অন্ধ আচরণ করা শুরু করেছে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাসিনাও রয়েশয়ে দুই চার বছর পরে শুরু করেছিল। তারা শপথের দিন থেকে শুরু করেছে। এই নাটকগুলো শপথ নিয়েও করতে পারত কিন্তু তারা শপথ না নিয়ে প্রথম দিন থেকে গণঅভ্যুত্থানকে অস্বীকার করবার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে। তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে মেনে নিয়ে ক্ষমতায় এসেছে। তারা আওয়ামী ফ্যাসিবাদকে কোনো না কোনো ফর্মে পুনর্বাসন করবার জন্য ক্ষমতায় এসেছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমরা গণঅভ্যুত্থানের সরকারকে তার সঠিক মর্যাদা সম্মানের জায়গাতে রাখতে পারি নাই। তার যে লিগাল স্ট্যাটাস দেওয়া দরকার ছিল, সেটা করতে পারি নাই। একটা গণঅভ্যুত্থানকে ক্যান্টনমেন্ট হয়ে বঙ্গভবন হয়ে অটর্নি জেনারেলের পকেট থেকে সংবিধানের ১০৬ নিয়ে সুপ্রিম কোর্টের ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের আদি পাপ। ১০৬ এর পাপ আমাদের এখন পর্যন্ত ক্যারি অন করতে হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই সনদকে আজকে প্রশ্নবিদ্ধ করছে। জুলাই সনদের অধ্যাদেশ অর্ডারকে প্রশ্নবিদ্ধ করছে। গণভোটকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ হচ্ছে, আমরা গত সরকারের লিগাল স্ট্যাটাস্টিক করি নাই। বাংলাদেশে ৭২ পূজারী যারা আছে, তারা বারবার এই রেজিমটাকে হচ্ছে, একটা সাংবিধানিক সরকার বলার চেষ্টা করেছে। অথচ আমরা বারবার দেখিয়েছি যে, একটা সাংবিধানিক সরকারের কোনো ক্যারেক্টার এটার মধ্যে ছিল না। শপথ নেওয়া ছাড়া ইনফ্যাক্ট ওই বঙ্গভবনে গিয়ে কয়েকটা লাইন বললেই একটা সরকার সংবিধানের সরকার হয়ে যায় না।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বর্তমান বিএনপি সরকারও চোরাবালিতে পা দিয়েছেন। তারা আওয়ামী লীগ প্রশ্ন এবং দিল্লির কোশ্চেন ডিল করতে না পারার কারণে যেটা হয়েছে, তারা ৭৫ পরবর্তী পট পরিবর্তনে যেভাবে ডিজাস্টার করেছেন, ঠিক একইভাবে ২৪ পরবর্তী কোশ্চেনেও তারা একইভাবে সেই চোড়াবালিতে পা দিয়েছেন।
বিএনপি শত শত শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতি পুরস্কার নিয়ে যাচ্ছে তাই করা হচ্ছে। দুইটা পুরস্কার ইতোমধ্যে তারা ঘোষণা করেছে। স্বাধীনতা পুরস্কার এবং নারী বিশেষ অদম্য নারী পুরস্কার। দুইটা পুরস্কারের ভেতরে দেখলাম ২৪ এর রিফ্লেকশন নাই। গণঅভ্যুত্থানের রিফ্লেকশন নাই। স্বাধীনতার পুরস্কার দিয়েছে অথচ ২৪-এর কোনো হিরোকে তারা এক নলেজ করে নাই। তাদের দলীয় এই অকৃতজ্ঞতার জন্য তাদের মাসুল দিতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকারকে বলে দিচ্ছি, আপনারা চোখের ক্ষমতার ছানি পড়েছে। আপনাদের সচিবালয়ে প্রধানমন্ত্রী পাড়ায় যমুনাতে মিন্টু রোডে যে চোখের ছানি পড়েছে, এই ছানির অপারেশনটা তাড়াতাড়ি করে চোখটা পরিষ্কার করেন। তা না হলে আপনার দলের রাজনীতি আপনার ভবিষ্যৎ বাংলাদেশকে অন্ধত্বের অভিশাপের মধ্যে ফেলে দেবে। এখান থেকে আমরা কেউ বাঁচতে পারবো না।
এমএসআই/এমএন