বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত বাঁকা ইউনিয়ন জামায়াত আমির মফিজুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেল সোয়া ৩টায় ঢাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘর্ষে আহত হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) দুপুরে মৃত্যুবরণ করেন তিনি।
শহীদ মফিজুর রহমানের জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া জানাযা নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন ও ঢাকা-৪ আসনের এমপি মো. জয়নুল আবেদীন প্রমুখ।
জেইউ/এনএফ