গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, যেই মহামান্য রাষ্ট্রপতিকে বিএনপি সরকার এত মানেন, এত কদর করেন সেই রাষ্ট্রপতির জারি করা জুলাই অধ্যাদেশ বিএনপি সরকার মানতে নারাজ!
সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অসহায়-দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসাইন, শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক, আমতলা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিজ্ঞাপন
অনুষ্ঠান থেকে জুলাই আদেশ ও গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আব্দুস সবুর ফকির বলেন, সংবিধান আর আদালতের দোহাই দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসবে। ছাত্র-জনতা রাজপথে নামলে আবারও রক্ত ঝরবে, প্রাণহানি ঘটবে জাতি এমন পরিস্থিতি চায় না। এই জাতীয় পরিস্থিতিতে জাতিকে রক্ষা করতে জামায়াতে ইসলামী সংসদে গিয়েছে। সংসদে দেশ ও জাতির স্বার্থে সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি জনগণের মতামত উপেক্ষা করে তবে সরকারকে সোজা পথে আনার চেষ্টা করবে। সরকার সোজা পথে না আসলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর আপোসহীন ভূমিকা অব্যাহত থাকবে।
এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন মানুষকে ছিন্নমূলবাসী বস্তিতে, রাস্তার ধারে ফুটপাতে থাকতে হচ্ছে?- কারণ সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে মাত্র ক্ষমতাসীনরা সুবিধা লাভ করে। জনগণ উপকৃত হয় না বরং শোষণের শিকার হয়। শোষণের হাত থেকে মুক্তির জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজে কোনো বৈষম্য থাকবে না। প্রতিটি মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা ও অধিকার লাভ করবে।
রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আব্দুস সবুর ফকির বলেন, রমজানের শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় নিজের মধ্যে লালন ও ধারণ করা, কথা ও কাজে মিল থাকা। মুখে যা বলবে বাস্তবে তা পরিণত করা। কিন্তু সরকার মুখে যেই কথা বলেছে বাস্তবে তার বিপরীত কাজ করছে। আজকের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। দেশবাসী গণভোটে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ জয়যুক্ত করেছে কিন্তু বিএনপি সরকার গঠনের পর এখন গণভোটের রায় মানছে না। তারা জুলাই আদেশ ও গণভোটের রায় আদালতের দিকে ঠেলে দিয়েছে। আদালতের ফরমায়েশি রায়ের মাধ্যমে সরকার জুলাই আদেশ ও গণভোটের রায়কে বাতিলের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। কারণ সরকারের উদ্দেশ্য খারাপ।
এই সরকারও আওয়ামী লীগের মতোই দেশের জনগণকে শাসন ও শোষণ করতে চায়। যারা জনগণকে শাসন ও শোষণ করতে চাইবে তারাই জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা নেবে না। গণভোটে জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
জেইউ/এমএন