দেশের মানুষের নিরাপদ যাতায়াত এখনও নিশ্চিত হয়নি : জামায়াত সেক্রেটারি

রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনও নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সদরঘাটের দুর্ঘটনায় মো. সোহেলের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন মর্মান্তিক দৃশ্য সত্যিই সহ্য করা কঠিন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের আশু আরোগ্য কামনা করেছেন।
বিজ্ঞাপন
জামায়াত সেক্রেটারি আরও বলেন, সাম্প্রতিক এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি মৌলিক দায়িত্ব।
এমআরআর/বিআরইউ