বিজ্ঞাপন

চন্দনাইশ-সাতকানিয়ায় কর্নেল অলিকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতার

অ+
অ-
চন্দনাইশ-সাতকানিয়ায় কর্নেল অলিকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির এক নেতা।

বিজ্ঞাপন

এই কটূক্তির প্রতিবাদে শনিবার (৪ এপ্রিল) বিকেলে চন্দনাইশ উপজেলায় তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিক্ষোভ মিছিলে ঝাড়ু হাতে বিএনপির নেতাকর্মীরা ‘জামায়াত-শিবিরের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘তারেক জিয়ার ঘাঁটি, চন্দনাইশের মাটি’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

মিছিল-পরবর্তী বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বলেন, কর্নেল অলি এখন পরাজিত হয়ে পাগল হয়ে গেছেন। বয়সের ভারে তিনি এলোমেলো কথা বলছেন। তারা অভিযোগ করে বলেন, কর্নেল অলি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করেছেন; এখন তিনি বেইমানি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম হাশেম রাজু। তিনি বলেন, “স্বাধীনতার ঘোষণা বিকৃতিকারী এবং ওয়ান ইলেভেনের কুশীলব কর্নেল (অব.) অলি আহমদকে আগামীকাল (রোববার) থেকে চন্দনাইশ ও সাতকানিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আনোয়ারা ও পটিয়া হয়ে চন্দনাইশ অভিমুখে প্রবেশের সকল রাস্তা অলি আহমদের জন্য নিষিদ্ধ করা হয়েছে।”

এ সময় তিনি আরও জানান, স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষা এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা রাজপথে সর্বদা তৎপর থাকবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- সিরাজুল ইসলাম সওদাগর, আব্দুল মাবুদ মাহবুব, বিএনপি নেতা মুর্শিদুল আলম মুন্না, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, সেকান্দার বাদশা, আরিফুল ইসলাম মারুফ এবং আব্দুর রউফসহ স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

এমআর/বিআরইউ