অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্যখাতে গাফিলতির কারণে শিশুদের মৃত্য হচ্ছে, যা স্বাস্থ্যখাতের অবনতি বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
তিনি বর্তমান নির্বাচিত সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে এ খাতের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নিয়ে একথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দ্রুততম সময়ে যেকোনো মহামারি মোকাবিলা করার জন্য স্বাস্থ্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ, প্রয়োজনীয় উপকরণসহ সেখানে পৌঁছানো উচিত।
বিজ্ঞাপন
রিজভী বলেন, অক্সিজেনের অভাবে করোনা মোকাবিলায় অনেকের প্রাণ চলে গিয়েছিল এবং করোনা নিয়ে আমরা দুর্নীতি দেখেছি ভয়াবহ। করোনায় বরাদ্দ দেওয়া চাল, গম, তেল তৎকালীন ক্ষমতাসীন চেয়ারম্যানদের বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হতে দেখেছি। এই কারণে কত মানুষের জীবন চলে গেছে।
তিনি বলেন, আজকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনাব তারেক রহমানের সরকার। এই সরকার অত্যন্ত উদগ্রীব, অত্যন্ত কর্মতৎপর। এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে ভোটের কালি মোছার আগেই। কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত ১৫ বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের কিছুটা অথর্বতার কারণে এই সেক্টরে সুনজর দেওয়া হয়নি। সুতরাং জনগণের মাধ্যমে নির্বাচিত সরকারকে বর্তমান অতি দ্রুত এই হাম মোকাবিলায় কাজ করতে হবে। জনগণ যেন সাদা চোখে দেখে সেই পদক্ষেপগুলো নিতে হবে এই সরকারকে। যেখানে ২৪ ঘণ্টা সারা দেশের সাতজন শিশু মারা গেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে জনগণের হৃদয়ে করুণ কান্নার ধ্বনি উচ্চারিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্যের সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে দ্রুত গতিতে এই পদক্ষেপ নিতে হবে। কারণ এটি একটি নির্বাচিত সরকার।
এই হাম কেন নির্মূল হলো না এতদিনে? প্রশ্ন করে রিজভী বলেন, কিছু কুসংস্কার, কিছু টিকা বিরোধী অপপ্রচার তেমনি উদাসীনতাও রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও এটাকে সুনজর দেয়নি। দ্রুতগতিতে পদক্ষেপ নেয়নি। যার ফলেই আজকে এত প্রাণহানি।
বিজ্ঞাপন
তিনি বলেন, একটি মেডিকেল রিসার্চ কাউন্সিল রয়েছে। এখানে রিচার্সের জন্য বাইন্ডিং হচ্ছে তিন থেকে পাঁচ লাখ টাকা। বিজ্ঞানের জন্য, রিসার্চের জন্য অকাতরে দান করা উচিত রাষ্ট্রকে। রিসার্চের জন্য তিন থেকে পাঁচ লাখ টাকার বাইন্ডিং এটা হতে পারে না। এদিকটা সরকারকে দেখতে হবে এবং সরকার দ্রুত গতিতে পদক্ষেপ নেবে।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা মীর শরাফত আলী শফুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এএমএম/জেডএস
