বাংলাদেশের ক্ষমতা বিএনপির হাতে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আবদুল্লাহ।
বিজ্ঞাপন
তিনি বলেন, গুমের শিকার হয়েছিলেন বিএনপি নেতারা। দলটির প্রধান তথা বর্তমান সরকারপ্রধানও নির্যাতনের শিকার হয়েছেন। অথচ তারাই গুম কমিশন ও মানবাধিকার কমিশনকে বাতিল করতে চায়। এর মাধ্যমে সুস্পষ্ট, তাদের হাতে বাংলাদেশের ক্ষমতা নেই। এই ক্ষমতা চলে গেছে বিদেশিদের হাতে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে’ ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-মিছিল শেষে এ সমাবেশ হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বেরিয়ে পল্টনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিএনপির উদ্দেশ্যে আসিফ আবদুল্লাহ বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার লোভে যদি ভারতের তাঁবেদারি করেন, তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়িয়েছে, বিএনপিকে তাড়াতেও কুণ্ঠাবোধ করবে না তারা।
বিজ্ঞাপন
সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির বক্তব্যের সঙ্গে এখনকার মিল খুঁজে পাওয়া যায় না। দলটির ৩১ দফার প্রথমটিই ছিল সংবিধান সংস্কার নিয়ে। অথচ সংবিধান সংস্কারের বিষয়ে তারা কোনো কথাই বলছে না। তারা ৭০ শতাংশ ম্যান্ডেটের গণভোটকে অস্বীকার করছে। সুতরাং সময় থাকতে জনগণের ম্যান্ডেটকে সম্মান দিতে শিখুন।
জনগণের এ জনরায় বাস্তবায়ন না করলে দেশের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতারা। জুলাই আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এমআরআর/এসএম
