বিজ্ঞাপন

সংরক্ষিত নারী আসন

মনোনয়নপত্র নিলেন মাহবুব তালুকদারের মেয়ে আইরীন

অ+
অ-
মনোনয়নপত্র নিলেন মাহবুব তালুকদারের মেয়ে আইরীন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরীন মাহবুব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি এই আবেদন ফরম সংগ্রহ করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় আইরীন মাহবুবের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আইরীন মাহবুব সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। রাজনৈতিকভাবে তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত এবং সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই আইরীন মাহবুবসহ ৫০ জনের বেশি সম্ভাব্য প্রার্থী আবেদন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে এবার ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট পাবে ১টি আসন।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কার আলোচিত ও জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার। তার মেয়ের এই মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

আরএইচটি/বিআরইউ

বিজ্ঞাপন