বিজ্ঞাপন

মাজারে ‘পীর’ হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চায় এবি পার্টি

অ+
অ-
মাজারে ‘পীর’ হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চায় এবি পার্টি

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার দরবারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এই অমানবিক ও বর্বরোচিত ঘটনার জন্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা দাবি করেছে দলটি।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এবি পার্টির নেতারা বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে এমন বিচারহীনতার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কোনো অভিযোগ বা মতভিন্নতার জবাব কখনোই দলবদ্ধ সন্ত্রাস, সহিংসতা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে হতে পারে না। পীর দাবিদার ব্যক্তির বিরুদ্ধে ধর্ম নিয়ে কটাক্ষের অভিযোগ থাকলেও, প্রশাসন সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে বলে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, এ ধরনের বর্বরতা শুধু মানবিক মূল্যবোধকেই ধ্বংস করে না, বরং রাষ্ট্রের আইনের শাসন ও বিচারব্যবস্থাকেও বড় ধরনের প্রশ্নবিদ্ধ করে। ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে সাধারণ মানুষকে সংঘবদ্ধ সহিংসতার দিকে ঠেলে দেওয়া একটি গভীর উদ্বেগজনক প্রবণতা। এটি সমাজে চরম অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

এবি পার্টি মনে করে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিওর ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ দমনে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাব এখন স্পষ্ট হয়ে উঠছে।

দলটির শীর্ষ দুই নেতা জোর দিয়ে বলেন, দলবদ্ধ সন্ত্রাস প্রতিরোধে সরকারের কঠোর ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে হবে। তাকে তার মূল দায়িত্ব অর্থাৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সক্রিয়ভাবে মনোনিবেশ করার আহ্বান জানান তারা।

বিবৃতির শেষে সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সচেতন নাগরিকদের এই ধরনের দলবদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে এবি পার্টি।

বিজ্ঞাপন

জেইউ/বিআরইউ