বিজ্ঞাপন

এনসিপি

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার

অ+
অ-
স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বারবার ‘মব কালচার’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে মাজারে হামলা, অগ্নিসংযোগ ও পীর হত্যার ঘটনায় সরকারের এই ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

দলটি বলছে, সরকার একদিকে মব কালচার দমনের কথা বললেও অন্যদিকে সরকার-সমর্থিত পক্ষগুলোকে সরাসরি প্রশ্রয় দিচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, কুষ্টিয়ার দৌলতপুরে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি মাজারে হামলা চালিয়ে প্রধান পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যা করেছে, যা একটি গুরুতর ফৌজদারি অপরাধ।

বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, ধর্ম অবমাননা বা এ ধরনের যেকোনো সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের আইনগত কর্তৃপক্ষ হচ্ছে আদালত। ‘মব-সহিংসতা’র মাধ্যমে যারা হত্যা ও অগ্নিসংযোগ করেছে, তারা আইনের চরম লঙ্ঘন করেছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে এই হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী ও জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানায় দলটি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সহিংসতা স্থানীয় ক্ষমতার ছত্রছায়া ছাড়া সম্ভব নয়। এর আগে রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাতেও রাজনৈতিক শক্তির প্রভাব দেখা গেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই নিহত পীর শামীম রেজা জাহাঙ্গীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে দুপুরে মাজারে হামলার ঘটনা ঘটে। এমন ঘটনার পূর্ব অভিজ্ঞতা থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনী কেন সতর্কতা অবলম্বন ও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি।

এনসিপির দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও ‘প্রকৃত মব’ থামাতে সরকার ব্যর্থ হচ্ছে। জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সরকার-সমর্থিত পক্ষের ‘মব’ করে কর্মকর্তাদের পদত্যাগ করতে বাধ্য করার উদাহরণ টেনে বিবৃতিতে বলা হয়, সরকার একদিকে মব দমনের বুলি আওড়াচ্ছে, অন্যদিকে নিজ সমর্থকদের প্রশ্রয় দিচ্ছে। এমনকি ‘মব কালচার’ পরিভাষাটিকে সরকারি দল এখন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

পরিশেষে, সরকার তার নির্বাচনী ইশতেহার ভঙ্গ করছে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এনসিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের সব বিষয়ের মুখপাত্র না হয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

এমএসআই/বিআরইউ