বিজ্ঞাপন

পয়লা বৈশাখে গানের তালে নাচলেন এনসিপির নেতাকর্মীরা

অ+
অ-
পয়লা বৈশাখে গানের তালে নাচলেন এনসিপির নেতাকর্মীরা

পয়লা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে মেতেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একদল নেতাকর্মী। শিল্পীর আহ্বানে সাড়া দিয়ে নাচে যোগ দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্য শীর্ষ নেতাদেরও নাচে যোগ দেওয়ানোর চেষ্টা করেন; তবে নাহিদ ও পাটওয়ারী তাদের আসনে বসেই অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে আয়োজিত এনসিপির বৈশাখী অনুষ্ঠানের মঞ্চে তখন সংগীত পরিবেশন করছিলেন জনপ্রিয় শিল্পী আশিক ও তার দল। বাউল সম্রাট শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাসে সই গো’ গানটি গাওয়ার এক পর্যায়ে শিল্পী আশিক এনসিপির শীর্ষ নেতাদের ‘সংস্কৃতিমনা’ হিসেবে উল্লেখ করে তাদের মঞ্চে নাচার আমন্ত্রণ জানান।

শিল্পীর আহ্বানে সাড়া দিয়ে সারজিস আলম ও আসিফ মাহমুদসহ বেশ কয়েকজন নেতাকর্মী নাচে যোগ দেন। তারা দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ আরও কয়েকজনকে হাত ধরে নাচে যুক্ত করেন। এ সময় পাশাপাশি বসে থাকা নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নাচে অংশ নেওয়ার অনুরোধ জানান দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ। তবে নাহিদ ও পাটওয়ারী হাতের ইশারায় অনাগ্রহ প্রকাশ করে নিজ আসনেই বসে থাকেন। অবশ্য তার আগে নাহিদ ইসলাম হাসিমুখে সাইফ মোস্তাফিজকে নাচের জন্য ঠেলে দিতে দেখা যায়।

এর আগে বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে পরীবাগ এলাকা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে এনসিপি। সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে এনসিপি নেতারা দলের সংস্কৃতি সেল আয়োজিত বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

এমএন