শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের ওপরই শিল্প ও কৃষিসহ সব সেক্টরে উৎপাদন ব্যবস্থা দাঁড়িয়ে আছে। অথচ দুঃখজনকভাবে আমাদের দেশে এখনো বহু শ্রমিক তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের দেশে বিশালসংখ্যক নারী শ্রমিক রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় আমাদের নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার। একদিকে কর্মক্ষেত্রে বৈষম্য, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতা রয়েছে। অথচ তাদের অধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রাসূলের (সা.) সুন্নাত হলো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দেয়া। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি দিবস নয়; এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আসুন, আমরা সবাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।
জেইউ/এমএন
