বিজ্ঞাপন

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। 

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, শ্রমিকদের সন্তানরা যেন লেখাপড়ার সুযোগ ও স্বাস্থ্যসেবা পায়, সেটি আপনি (প্রধানমন্ত্রী) দেখবেন। আপনি এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং নিশ্চয়ই এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আরেকটি বিষয় হলো, আমাদের চা বাগানের শ্রমিকরা অমানবিক জীবনযাপন করেন। তাদের জীবনমানের উন্নয়নে আমাদের কাজ করা উচিত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, শ্রমিকরা আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা ছিলেন। আমরা যখন ২০২২ সালের ১০ ডিসেম্বর একটি সমাবেশ করতে চেয়েছিলাম, তখনো আমাদের বাধা দেওয়া হয়েছিল। তখন ৭ ডিসেম্বর এই পল্টনে আমাদের আন্দোলনে প্রথম যিনি শহীদ হন, তিনি একজন ওয়ার্কশপ কর্মী ছিলেন। তাই আমরা সব সময় বলি যে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শ্রমিকরাই আমাদের সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছিল।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। সমাবেশ উপলক্ষে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পুরুষের পাশাপাশি এদিন শ্রমিক দলের এই আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করার পাশাপাশি জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়।

এমএমএইচ/জেআই