বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় জাতীয় ক্রিকেট দলকে জামায়াতের অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় জাতীয় ক্রিকেট দলকে জামায়াতের অভিনন্দন

দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ (১২ মে) এক শুভেচ্ছা বার্তায় বলেন, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমার দল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেষ পর্যন্ত ১০৪ রানের এই গৌরবময় বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি আশা প্রকাশ করছি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২-০ ব্যবধানে বিজয়ী হয়ে টেস্ট সিরিজ জয় করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই অনবদ্য পারফরম্যান্স দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলার এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

আমি আশা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

জেইউ/বিআরইউ