দীর্ঘদিন পর চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামপন্থিদের ঐক্য এবং জাতীয় প্রেক্ষাপটে গঠিত ১১ দলীয় নির্বাচনি জোট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা।
রোববার (১৭ মে) চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য আগে যেমন ছিল, এখনো তেমনই রয়েছে। এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আদর্শিক বা আকিদাগত ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে এটি একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলোকে নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে।
মামুনুল হক আরও বলেন, আমাদের জোটে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তবে বর্তমান জাতীয় পরিস্থিতির প্রয়োজনেই এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। হেফাজতে ইসলাম কোরআন-সুন্নাহভিত্তিক আদর্শ অনুসরণ করে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। দেশ ও ইসলামের স্বার্থে ইসলামের ওপর যেকোনো দেশীয় বা আন্তর্জাতিক আঘাতের বিরুদ্ধে সংগঠনটি অতীতের মতোই ভূমিকা রাখবে।
এ সময় হেফাজতে ইসলামের নায়েবে আমির সালাহউদ্দিন নানুপুরী, মাহফুজুল হক, জসিমউদ্দীন, আলী উসমান, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনীভিত্তিক স্মারকগ্রন্থ শহীদনামা হাদিয়া হিসেবে হেফাজত আমিরের হাতে তুলে দেন মামুনুল হক।
এমআর/জেডএস
