বিজ্ঞাপন

সাবেক বিচারপতি ফয়জী

অস্ত্রবাজদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ত্রবাজদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের নির্বাহী সদস্য সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বলেছেন, অস্ত্রবাজদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ মে) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিমপুর স্টার ক্লাব আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা অতীতে অস্ত্রের রাজনীতি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তাদের অবশ্যই সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অতীত কর্মকাণ্ডের দায় স্বীকার করেই তাদের সমাজে ফিরতে হবে।’

সাবেক এই বিচারপতি আরও বলেন, অস্ত্রবাজদের আশ্রয়-প্রশ্রয় দিলে সমাজে অস্থিরতা বাড়বে। তাই পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে একযোগে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তরুণদের সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ক্রীড়ামুখী ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি সুন্দরপুর ইউনিয়নের আন্তঃওয়ার্ড ফুটবল আয়োজনকে একটি আদর্শ উদ্যোগ হিসেবে উল্লেখ করে ফটিকছড়িজুড়ে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান। এ ধরনের আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

খেলার উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।

উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল আজম।

এনামুল হক নাবিদ/বিআরইউ