দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন মহানগরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক ও এস এম লুৎফর রহমান। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, জাতীয় সংসদ বা সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়াই বাজেট ঘোষণার আগে জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
তিনি অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষি, শিল্প ও পরিবহন খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে বাজারে পণ্যের দামের ওপর।
নজরুল ইসলাম বলেন, বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি এলপিজি গ্যাসের মূল্যও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের উচিত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান প্রেস ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।
এমআর/বিআরইউ
