বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেওয়া ব্যক্তিই আমাদের পরিবেশমন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কী অবস্থা হবে, তা এখান থেকেই অনুমান করা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও সপ্তাহব্যাপী পরিবেশবিষয়ক কর্মসূচির ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পরিবেশবিষয়ক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নেই। এই সরকার কাজ না করলে, ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে।
এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হবে। ঢাকার ২০টি স্কুলে ২০০ গাছ বিতরণ ও রোপণ করা হবে। এছাড়াও দখল, দূষণ ও দাহ রোধে আমাদের করণীয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে।
এমএসআই/এমএসএ
