বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবকদল নেতা বিল্লাল হত‍্যা: সেই যুবদল নেতাকে মূল আসামি করে মামলা

স্বেচ্ছাসেবকদল নেতা বিল্লাল হত‍্যা: সেই যুবদল নেতাকে মূল আসামি করে মামলা

রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যার ঘটনায় রমনা থানা একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস আই) কাজী আরিফ আহমেদ।

তিনি জানান, মৌচাক মার্কেটে সাবেক সেচ্ছাসেবক দলনেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার ঘটনায় দিদারুল ইসলাম বাবুকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ও ৭ থেকে ৮ জনের নামে একটি হত‍্যা মামলা হয়েছে। নিহত বিল্লাল হোসেন তালুকদারের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে রমনা থানা একটি মামলা(মামলা-৭) দায়ের করেন।

উল্লেখ্য গতকাল সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে ভাগ্নেকে মারপিটের খবর পেয়ে সেখানে এসে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

নিহত বিল্লালের ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সোমবার সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন যুবক তাকে প্রথমে মারধর করে। পরে তিনি ঘটনাটি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে জানালে বিল্লাল সেখানে আসেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনাটি মীমাংসার জন্য বিল্লাল মামা এখানে আসে। ঘটনাস্থলে আসার পর যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সেক্রেটারি লুৎফরের সঙ্গে বিল্লালের তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারী মিরাজ বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। ছুরির আঘাতে বিল্লাল তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন মালিবাগ বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় বালু ও সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

এই ঘটনায় রমনা থানা পুলিশ, সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার ঘটনায় ঢাকার মগবাজার ও মুন্সীগঞ্জ থেকে আলামিন ও রিয়াজ নামে দুইজনকে আটক করা হয়েছে।

অন‍্যদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুন) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়।

সেখানে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

মঙ্গলবার (আজ) দুপুরে ঢামেক হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিএনপির পার্টি অফিসের সামনে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

এসএএ/বিআরইউ