বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন ও জেনারেল সেক্রেটারি নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমেক্রেটিম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজি ও লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, সভায় বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় অবিলম্বে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্র নীতি নির্ধারণ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণ বিশেষ করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
আগামীকাল বুধবার (১০ জুন) দুপুর ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে সভায় গৃহীত কর্মসূচি ঘোষণা করা হবে।
জেইউ/এসএএস/এসএম
