বিজ্ঞাপন

সেলিম উদ্দিন

মানবিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে

মানবিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে

সমাজে কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে এমন বৈষম্যমূলক সমাজ জামায়াতে ইসলামী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত।

শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর উত্তরাসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মাঝে গ্রীষ্মকালীন ফল উপহার বিতরণকালে তিনি একথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আরও পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এরপর রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকায় তরুণদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ‘মিট দ্য ফিউচার’ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, ‘তরুণদের আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে উঠলে সমাজ থেকে চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে কুরআন-হাদিসের শিক্ষা গ্রহণ করতে হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সদাচরণ ও পারস্পরিক সম্মানবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।

জেইউ/বিআরইউ