বিজ্ঞাপন

পাবনায় কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

পাবনায় কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

পাবনার ভাঙ্গুড়ায় গত ২০ জুন শনিবার জামিল হোসেন নামের এক নিরীহ কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। 

সোমবার (২২ জুন) বিকেলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে হত্যার নিন্দা জানান। 

বিবৃতিতে তিনি বলেন, পাবনার ভাঙ্গুড়ায় জামিল হোসেন (৫০) নামের এক নিরীহ কৃষককে বিএনপি নেতা কর্তৃক বর্বরভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় গোটা জাতিকে স্তম্ভিত হয়ে পড়েছে। এই হত্যাকাণ্ড মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপি নেতাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশে আইনের শাসনের অভাবে সরকার দলীয় সন্ত্রাসী ও হত্যাকারীরা আসকারা পেয়ে যাচ্ছে। যার কারণে একের পর এক সাধারণ নাগরিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। একজন সাধারণ কৃষি শ্রমিকও বিএনপি নেতাদের হাতে নিরাপদ নন। যার কারণে গত ২০ জুন শনিবার রাজশাহীর বাঘা উপজেলার হরিণা গ্রামের আবু মণ্ডলের ছেলে জামিল হোসেন পাবনায় জীবিকার তাগিদে কাজ করতে এসে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারালেন।  

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক বিএনপি নেতা চরভাঙ্গুড়া গ্রামের আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে ইউসুফ আলীকে গ্রেপ্তারে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা দেয়ার দাবি জানাচ্ছি।  আমি নিহতের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 

এমএসআই/এমএসএ  

বিজ্ঞাপন