ফ্যাসিবাদী রাজনীতি, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) নগরে আয়োজিত এই কর্মসূচি থেকে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিতের জোরালো দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
কেন্দ্রঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বায়েজিদ বোস্তামী থানা ও পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মিছিলটি নগরের ২ নম্বর গেট ষোলশহর থেকে শুরু হয়ে মুরাদপুর পেরিয়ে বহদ্দারহাট মোড়ে গিয়ে এক বিশাল সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, ‘ফ্যাসিবাদী রাজনীতি আর বাংলাদেশে চলবে না। পাশাপাশি সুশীল গোপন ষড়যন্ত্রের রাজনীতি জনগণের প্রকৃত সমস্যা আড়াল করে বিভ্রান্তি তৈরি করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হচ্ছে। বিদেশি আদর্শভিত্তিক রাজনীতির চর্চা এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না।
সমাবেশে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, চট্টগ্রামের রাজপথে যুবদল বারবার আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও যেকোনো অপশক্তির বিরুদ্ধে তারা ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।
এমআর/বিআরইউ
