চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেছেন, ছাত্রদলের কাজ থানার ওসিকে ফুল দেওয়া নয়, ছাত্রদলের কাজ হচ্ছে- শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
তিনি বলেন, ছাত্রদলের কর্মীকে হতে হবে বিনয়ী ও সুশিক্ষিত। ছাত্ররাজনীতি হওয়া উচিত আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম।
শুক্রবার (২৬ জুন) নিজের বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সরোয়ার আলমগীর। সাক্ষাৎকালে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সরোয়ার আলমগীর বলেন, সততা, নিষ্ঠা ও জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে হবে। এক কথায়, মেধাবীদের সংগঠন হতে হবে ছাত্রদলকে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন, তা ছাত্রদলের নেতাকর্মীদের জনগণের কাছে তুলে ধরতে হবে। সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎ শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ সরোয়ার আলমগীরের দিকনির্দেশনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা আহম্মদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাসির উদ্দিন, জুয়েল চক্রবর্তী, সাইফু উদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, শামীম আলমগীর রুবেল, নজিবুল করিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিনসহ নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া ফটিকছড়ি উপজেলার ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর/এসএইচএ
