সংসদে জনগণের সমস্যা নিয়ে আলোচনা না হয়ে ব্যক্তিগত সুযোগ-সুবিধা আদায় এবং দুই দলের পারস্পরিক রাজনৈতিক বিতর্কই প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন যখন দুর্বিষহ, নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সংস্কারের আলোচনা হারিয়ে গেছে, তখন জনগণের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে।
সোমবার (২৯ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে নতুন দায়িত্বপ্রাপ্ত মহাসচিব হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানেও দলীয় পরিচয়ে অংশ নিয়ে সংস্কার ও ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের প্রত্যাশা ছিল। কিন্তু নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে জাতি আশাহত হয়েছে।
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় জনগণের প্রত্যাশাকে ধারণ করে রাজনৈতিকভাবে আরও দক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে জনপ্রত্যাশার বাংলাদেশ গঠনে দলটি আরও শানিত শক্তি হিসেবে ভূমিকা রাখবে।
নবনিযুক্ত মহাসচিব দলের সর্বস্তরের নেতাকর্মী, প্রেসিডিয়াম ও মজলিশে শুরার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১৯৮৭ সালে শুরু হওয়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রধান নির্বাহী হিসেবে অর্পিত দায়িত্ব পালনে তিনি জীবনের সর্বস্ব উৎসর্গ করতেও দ্বিধা করবেন না। দেশের মানুষের প্রত্যাশা পূরণ, দেশকে সুখী-সমৃদ্ধ করা এবং ইসলামের সৌন্দর্য ও শরিয়াহর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জেইউ/জেডএস
