জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জুলাই অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে জুলাই সনদ অবজ্ঞা, প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলেছে সংগঠনটি।
সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য সামনে রেখে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এসএম ফরহাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নূরুল ইসলাম ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে প্রণীত জুলাই জাতীয় সনদ ও গণভোটের ম্যান্ডেট বর্তমান সরকার ক্ষমতার মোহে উপেক্ষা করছে। পাশাপাশি প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন এবং স্বাধীন বিচার বিভাগ গঠনের উদ্যোগ থেকে সরকার সরে এসেছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিবির সভাপতি বলেন, বর্তমান সরকারের ৫৯ শতাংশ সংসদ সদস্য ঋণখেলাপি। এছাড়া সরকারের প্রথম ১০০ দিনে ৯১৫টি খুন ও ২০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে টিআইবি ও পুলিশের তথ্যের উদ্ধৃতি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ধরেন তিনি।
শিক্ষাঙ্গণের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্রশিবিরের সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি
‘অদম্য জুলাই’ শিরোনামে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ, জুলাই স্মারক প্রকাশনা, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, গবেষণা সম্মেলন, সেমিনার, সাংস্কৃতিক আয়োজন, স্মৃতিচারণ ও বিতর্ক প্রতিযোগিতা, শহীদদের নামে পাঠাগার স্থাপন, ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ পরিবার ও আহতদের সাক্ষাৎকারভিত্তিক পডকাস্ট, কবর জিয়ারত, জুলাই গ্রাফিতি এবং ‘Echoes of July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন।
ছাত্রশিবির জানায়, জুলাইয়ের চেতনা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা শাখার মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়।
জেইউ/এমএন
