ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদানের সৌজন্য আমন্ত্রণে সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যাহ্নভোজ ও সৌজন্য সাক্ষাৎকালে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ ভালোবাসা, সংহতি ও অব্যাহত সমর্থনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
পাশাপাশি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদান ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলের আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে জুলাই আন্দোলনে দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, ইসলামের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন– ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দলের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ স্বজল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক ড. আবু হুরায়রা।
ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে প্রতিনিধিদল।
জেইউ/বিআরইউ
